প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৪

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পেয়ে এই সিদ্ধা্ন্ত নেয় কমিশন।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক চিঠিতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি।

আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো।

চিঠিতে ইসি জানায়, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য ভাষায়, আপত্তিকর ও অশোভন কথা বলেন।

তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর পত্র পাঠান জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।

এর পরিপ্রেক্ষিতে এই প্রার্থীকে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে ১ জানুয়ারি ইসি সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য পত্র প্রেরণ করা হয়। প্রার্থী সশরীরে উপস্থিত হয়ে কমিশনের কাছে ব্যাখ্যা দেন।

এছাড়া, এ অভিযোগের সত্যতা যাচাইয়ে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে তদন্তের জন্য ইসি নির্দেশ দেয়। জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ‘ঘটনার সত্যতা রয়েছে’ মর্মে তদন্ত প্রতিবেদন পাঠান।

ওই প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বরে ইসিতে পাঠান সংশ্লিষ্ট জেলার নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, নির্বাচনী অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থীর দ্বারা ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়। এরপর রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এর ধারা ৯১ই এর কজ (২) এর বিধান অনুযায়ী লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ইসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা