মেট্রোরেলে চড়ে চলে গেলো তেইশ
চব্বিশ এসে করে নবারুণ ফেইস
দরিয়ার তল দিয়ে জুড়ে দুই পাড়
জাতি পেলো তেইশের টানেল এবার।
এক্সপ্রেস হাইওয়ে করে গেছে ঋণী
তেইশের অবদান রবে চিরদিনি
চব্বিশ এলো আজ ভোট নিয়ে মাঠে
এই নিয়ে চারদিকে কানাঘুষা ফাটে।
চারদিকে ফড়িয়ারা আজ হলো রাজা
তেইশের এ দানব ভেঙে দিলো মাজা
রাশিয়ার জেদ আর ন্যাটোদের দায়
তেইশেও সে আপদ হলো না বিদায়।
কারো কারো খুশি ছিলো তেইশের সেরা
কাপ জিতে বাঘিনীর হলো ঘরে ফেরা
এদেশকে দিয়ে গেছে তেইশের দান
স্মার্ট বাংলাদেশের নব আহ্বান।
চব্বিশে কিছু কিছু আছে আজ দাবি
কাকে ছেড়ে কার কথা বলবো তা ভাবি
আর্থিক মন্দার কেটে যাক রেশ
দরে-দামে নাগালেই থাকে যেন দেশ।
মানুষের বুকজুড়ে স্বস্তির শ্বাস
চব্বিশে হোক দেশ শান্তিনিবাস
পণ্যের মূল্যের না ছুটুক ঘোড়া
মৈত্রীর ঘোড়া আর না থাকুক খোঁড়া।