আচরণবিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১ জানুয়ারি) রাতে ইসির উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসারের কাছে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবীল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় এই বিষয়ে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এদিকে ডিসি, এসপিকে বদলির হুমকিদাতা লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পাবনের শুনানি করেছে কমিশন। মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।