প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংকটেও পরিচালন মুনাফায় ইসলামী ব্যাংক শীর্ষে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪
ব্যাকিং খাতে মূল সংকট ছিল ডলার সংকট। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা ব্যবসা পরিস্থিতিকে ক্রমাগত খারাপ করে দিচ্ছিল। ব্যবসা খারাপ হওয়ায় ঋণের কিস্তি আদায়ও ঝুঁকিতে ছিল। এছাড়া বাংলাদেশ ইসলামী ব্যাংকের সংকট ছিল আরও গভীরে। তবে সেই সংকটকে কাটিয়ে পরিাচালন মুনাফার দিক বিবেচনায় প্রথম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
২০২৩ সালে (জানুয়ারি-ডিসেম্বর) ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে দুই হাজার ৭৮১ কোটি টাকা। তার আগের বছর ২০২২ সালে ব্যাংকটির মুনাফা ছিল দুই হাজার ৬৪৬ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল) পরিচালন মুনাফা করেছে ৬০০ কোটি টাকা। আগের বছর করেছিল ৫২০ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংকের মুনাফা ৪৫৫ কোটি টাকা। আগের বছর ২০২২ সালে ছিল ৪১৫ কোটি টাকা।

চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংক ২০২৩ সালে পরিচালন মুনাফা করেছে ২২২ কোটি টাকা; আগের বছর করেছিল ১৮৮ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পরিচালন মুনাফা করেছে এক হাজার ২৩ কোটি টাকা; আগের বছর ২০২২ সালে ছিল ৯২৮ কোটি টাকা। রূপালী ব্যাংক মুনাফা করেছে ৭০০ কোটি টাকা; ২০২২ সালে ছিল ১০৬ কোটি টাকা। কৃষি ব্যাংকের মুনাফা হয়েছে ৭৪৯ কোটি টাকা; আগের বছর ছিল ৫৬১ কোটি টাকা। পূবালী ব্যাংকের পরিচালন মুনাফা এক হাজার ৭৫৬ কোটি টাকা; আগের বছর ছিল ১১৩৩ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালন মুনাফা হয়নি। তাদের লোকসান হয়েছে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিচালন মুনাফা হয়েছে ২৫ কোটি টাকা। মেঘনা ব্যাংকের মুনাফা বেড়ে হয়েছে ১৬৫ কোটি টাকা।

পরিচালন মুনাফা ব্যাংকের চূড়ান্ত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের মান অনুযায়ী নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখতে হয়; পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ৩৭ দশমিক ৫০ শতাংশ করপোরেট কর দিতে হয়। এরপরই চূড়ান্ত হয় নিট বা প্রকৃত মুনাফা।

দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে বেশিরভাগই পুঁজিবাজারে তালিকাভুক্ত। প্রান্তিক (তিন মাস) ভিত্তিতে ব্যাংকগুলো তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের কাছে জমা দিতে হয়। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের বার্ষিক সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন করতে হয়। তারপর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সেই প্রতিবেদন সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংক খাতে ২০২২ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা, যা ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। অর্থাৎ নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর’২৩) খেলাপি ঋণ বেড়েছে ৩৪ হাজার ৭৪১ কোটি টাকা। লাগামহীন এই খেলাপি ঋণের মধ্যেও মুনাফা দেখাচ্ছে ব্যাংকগুলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা