আজ শুরু হচ্ছে পুঁজিবাজারের নতুন দিন। শুক্রবার-শনিবার পুঁজিবাজার বন্ধ থাকায় এবং রবিবার বছরের শেষ দিন ব্যাংক হলিডে থাকায় টানা তিন দিন বন্ধ থাকার পর ২০২৪ সালের পথম দিন আজ পুঁজিবাজারের লেনদেন শুরু হবে নতুন আশা নিয়ে।
শেষ কার্যদিবস ছিল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। পুরো বছরের বাজার পর্যালোনা করে গত বছরের তুলনায় বড় নিম্মমুখী পরিবর্তন দেখা গিয়েছে লেনদেনে। তবে বেড়েছে বাজার মূলধন।
এছাড়াও ২০২৩ সালে বেড়েছে ডিএসইর মূল সূচক ডিএসইএক্স এবং শরীয়াহ সূচক বা ডিএসইএসের হার। তবে কমেছে ডিএসই৩০ এর হার। চলতি বছর ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান ছিলো ৬ হাজার ৩৬৭ দশমিক ৪২ পয়েন্ট এবং সর্বনিম্ন অবস্থান ছিলো ৬ হাজার ১৭৭ দশমিক ৮৮ পয়েন্ট।
এ বছর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২৪৪ দিন। ৬৫৪ টি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। যার মাঝে ৩৫৫ টি কোম্পানি, ৩৪ টি মিউচ্যুয়াল ফান্ড, ৮ টি ডিবেঞ্চার এবং ২৫৪টি বন্ড রয়েছে।
অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার সিএসইতে শেষদিন বেড়েছে দুটি সূচকের মান। বৃহস্পতিবার সিএসইতে সিএসই-৩০ সূচক ৮ দশমিক ৪৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩০৪ দশমিক ৫২ পয়েন্ট ও ১ হাজার ২৯৯ দশমিক ৪২ পয়েন্টে।
তবে সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৪৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ০০৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৮ হাজার ৫২০ দশমিক ১৩ পয়েন্টে, ১১ হাজার ৭৬ দশমিক ৪১ পয়েন্টে ও ১ হাজার ১৭৮ দশমিক ৬৪ পয়েন্টে।