প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোনালী লাইফ নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে কর্তৃপক্ষের ব্যাখ্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩

দেশের চতুর্থ প্রজন্মের বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে কোম্পানি বিজ্ঞপ্তির মাধ্যমে তার ব্যাখ্যা দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা এমন একটি সময় ঘটেছে যখন আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ারহোল্ডার, পরিচালক বা চেয়ারম্যান ছিলাম না। উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে আমি কোম্পানীর চেয়ারম্যান পদে নির্বাচিত হই। এর আগে আমি কোম্পানীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম না। শুধুমাত্র আমার ১৫ তলা ভবনের মালিক আমি; যা সোনালী লাইফের অফিস হিসাবে পরিচিত। আমি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে কোম্পানির শুধুমাত্র একজন পরিচালক ছিলাম।

প্রচারিত সংবাদে ভবন মালিক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর একটি সমঝোতা স্মারক উপস্থাপন করা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম কুদ্দুস বলেন, সংবাদে উপস্থাপিত সমঝোতা স্মারকটি জাল এবং উক্ত নথিতে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে। স্বাক্ষরিত সমঝোতাটি বানোয়াট। যাতে ৫ অক্টোবর, ২০২১ এর একটি মিথ্যা তারিখ দেওয়া। যা একটি অবৈধ দলিল।

তিনি দাবি করেন, কোম্পানির অভ্যন্তরীণ তদন্ত বন্ধ করার জন্য চাপের সম্মুখীন হওয়া সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চলমান তদন্তকাজ আরও গতি পায়। এতে একটি মহল ক্ষিপ্ত হয়। তারা কোম্পানীকে দুর্বল করার জন্য জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করেছে।

একটি পরিবার হিসাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জনাব কুদ্দুস কোম্পানীকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ হুমকি থেকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সোনালী লাইফ বর্তমানে যেভাবে যথাসময়ে বিমা দাবি পরিশোধ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সোনালী লাইফের সঙ্গে সম্পৃক্ত গ্রাহকসহ সবাইকে সোনালী লাইফের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞাপ্তিতে।

[সংবাদ বিজ্ঞপ্তি]

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা