প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর সড়কে প্রাণ গেল শিশুসহ তিন ব্যক্তির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৩

শিশু ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। সে একটি মাদ্রাসায় পড়ত। ইয়াসিনের দাদা খিলক্ষেত এলাকায় চাকরি করেন। ফেরার পথে খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারায় সে। এই ঘটনায় ইয়াসিনসহ তিনজন নিহত হয়েছেন। ইয়াসিনের বাবা সুমন মিয়া গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামে আট বছরের এক শিশু নিহত হয়। আহত অবস্থায় আমরিনা হক (২৭) নামে এক নারী ও উজ্জ্বল পান্ডেকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া প্রাডো জিপ গাড়ি ( ঢাকা মেট্রো-১৫-২৫৯১) ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।

এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়।

এসআই মোশারফ বলেন, এ ঘটনায় ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা