প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কিছু লোকের জন্য শেয়ারবাজারের দুর্নাম হতে দিব নাঃ বিএসইসি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৩

‘কিছু লোকের জন্য শেয়ারবাজারের দুর্নাম হতে দিব না। বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে এই মাস থেকেই কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর থেকে আরও কঠোর হবো।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি  বক্তব্য রাখছিলেন।

ঢাকা ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সিএমএসএফ করার সময়ে চিন্তা করলাম যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি। আর আজ সেটা প্রমাণিত হয়েছে। যাদের এটার নেতৃত্বে দেয়া হয়েছিল তারা আজ এটা প্রমাণ করেছেন। আসলে নেতৃত্ব দেয়ার যোগ্যতা সবার থাকে না।

তিনি বলেন, ডিআরইউ, ইআরএফ এবং সিএমজেএফের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এখানে যেসব সাংবাদিকরা কাজ করেন তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কথা হয়। যেসব সাংবাদিকরা ফোন দেন আমরা সবার ফোন ধরি। আজকে যে রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হল এবার ৩টা হয়েছে যা আগামীতে প্রত্যেক ক্যাটাগরিতে ৩টা করে মোট ৯টা অ্যাওয়ার্ড দেয়ার জন্য আমি আয়োজকদের অনুরোধ জানাচ্ছি।

নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে তিনি বলেন, আমরা এই মাস থেকে গভর্নেন্সে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর তা আরও জোরদার করা হবে। বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি। অল্প গুটি কয়েকজন লোকের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে সেই দিন শেষ।

সভাপতির বক্তব্যে সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা সিএমএসএফ এবং সিএমজেএফের আন্তরিক প্রচেষ্টার ফল আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আজকের দিনটি উদযাপনের দিন। যারা ৩টি পুরস্কার পেলেন, তারা তাদের নিজস্ব প্রচেষ্টা ও নিজস্ব যোগ্যতায় পেয়েছেন। জুরি বোর্ড অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রিপোর্টগুলো যাচাই বাছাই করেছেন। আগামীতে ৯টি পুরস্কার দেয়ার জন্য সিএমএসএফের বোর্ড অব গভর্ননেন্সও চিন্তা করেছিল। তবে এবার ৩টি দিয়েই আমরা শুরু করেছি। আগামীতে ৯টি পুরস্কার দেয়া হবে।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ময়নুল আহসান। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম হারুন। অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থসংবাদ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম জাকির হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য দেন সিএমএসএফের বোর্ড অব গভর্নেন্সের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, কী-নোট স্পিকার ছিলেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান। এছাড়া সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীসহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা