বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৬ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আজ (২৪ ডিসেম্বর) বেলা ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য সকল প্রস্তাব অনুমোদিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর কোম্পানি সেক্রেটারি পরিচালনা পর্ষদ ও উপস্থিত শেয়ার হোল্ডারদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আরম্ভ করেন। স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী উল্লেখ করেন বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে। কোম্পানি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।