জমকালো আয়োজনে আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসব ২০২৩।
আগামীকাল ২২ ডিসেম্বর থেকে শুরু তা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসব ঢাকা এবং পাবনায় আয়োজন করা হয়েছে।
উৎসব উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে শিশু একাডেমি থেকে। এসময় বিদেশি অতিথিগণসহ গণমান্য ব্যক্তিগণ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পন করবেন।
শোভাযাত্রা দোয়েল চত্বর, প্রেস ক্লাব হয়ে শিশু একাডেমিতে এসে আবার শেষ হবে।
এরপর নানান দেশের পতাকা উত্তোলন শেষে শুরু হবে উদ্বোধনী পর্ব। দেশের খ্যাতিমান শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।
উৎসবের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। কাইজার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ, মুহাম্মদ নুরুল হুদা, আনজীর লিটন, আমিরুল ইসলাম, মারুফুল ইসলাম, আসলাম সানী, লিয়াকত আলী লাকী এবং মফিজ মাহমুদ।
এই পর্ব উৎসর্গ করা হয়েছে রোকনুজ্জামান খান দাদা ভাইকে স্মরণে। একইভাবে প্রতিটি পর্বে দেশের সেরা সাহিত্যিকদের সম্মান জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আলী ইমাম সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করা হবে।
আন্তর্জাতিক শিশুসাহিত্য উৎসবের আয়োজন করেছে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ। আর সহযোগিতা করছে বাংলাদেশ শিশু একাডেমি।
অনুষ্ঠানে ছড়াপাঠ, ছোটদের পত্রিকা, সেমিনার, আন্তর্জাতিক পর্বসহ নানান আয়োজনে সমৃদ্ধ হবে।