প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপার সঙ্গে আসন বন্টন বিষয়ে দফায় দফায় বৈঠক আওয়ামী লীগের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় নির্বাচনে আসন বণ্টন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আজ রাতে চূড়ান্ত বৈঠক করবে আওয়ামী লীগ। তবে সেই বৈঠকের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলটির সিনিয়র নেতাদের সঙ্গে আজ সন্ধ্যার পরপর দুই দফায় রুদ্ধদ্বার বৈঠক করছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটিও একই কার্যালয়ে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যালয়ে আসেন। তার কিছুক্ষণ পরে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, তারপর আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগে আসেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কার্যালয়ে এসেই ওবায়দুল কাদেরের কক্ষে যান। তারপর তারা দপ্তর সম্পাদকের কক্ষের দরজা বন্ধ করে বৈঠক করেন। প্রায় আধা ঘণ্টার মতো বৈঠক করে সব নেতারা কার্যালয় থেকে বের হয়ে যান।

সূত্রটি আরও জানায়, প্রথম বৈঠকের প্রায় দেড় ঘণ্টা পরে আবারও বৈঠক ডাকা হয়। রাত পৌনে ৯টার দিকে দলের একই কার্যালয়ে আবার আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ আরাফাত ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা