প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাবা আমার বাবা

মোঃ কায়সার হামিদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩

সব সন্তানের কাছেই বাবা মানে বটবৃক্ষ। বাবা মানে সব সমস্যার সমাধান। বাবা মানে বোবা কান্না বুকে চেপে সন্তানের জন্য জীবন বিলিয়ে দেয়া। বাবার আশ্রয় যার নেই সে জানে বাবা মানে কী! সব বাবারা তাদের সন্তানদের কাছে আদর্শ। তবে কিছু বাবা আছেন তারা শুধু নিজের সন্তান নন, পুরো দেশের কাছেই এক আদর্শ। পুরো জাতির কাছেই শ্রদ্ধার পাত্র। তেমনই একজন বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুল্লাহ্ বিশ্বাস। যিনি আমাদের পতাকার জন্য জীবন বাজী রেখেছিলেন। প্রয়াত বাবার মৃত্যুদিবসে তাঁকে নিয়ে লিখেছেন তারই সন্তান মোঃ কায়সার হামিদ। পড়ুন তাঁর লেখা…

ডিসেম্বর আমাদের পরিবারের জন্য অনেক আনন্দের, গৌরবের আর শোকের মাস! আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুল্লাহ্ বিশ্বাস কলকাতার কাদীহাটি ক্যাম্প থেকে ট্রেনিং শেষ করে মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে সম্মুখ যুদ্ধ করতে করতে মাগুরা আসলেন অক্টোবরের দিক। মাগুরা শত্রুমুক্ত হল ৭ ডিসেম্বর এবং মাগুরা চৌরঙ্গী মোড়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়।

১৬ ডিসেম্বর চুড়ান্ত বিজয়ে খুশিতে আমার আব্বা বাঁশের মাথায় বাংলাদেশের পতাকা লাগিয়ে বিজয় দৌড় দেন! এই অধ্যায় উনার জীবনের এক গৌরবউজ্জ্বল অধ্যায়। মা ভক্ত আব্বাকে সারাজীবন দেখেছি সন্ধ্যায় কিংবা রাতে বাড়িতে ফিরে গেটের কাছে এসে দরাজ কন্ঠে মা বলে জোরে ডাক দিতেন এবং ঘরে ঢুকতেন। আমার দাদী পরম যত্নে নিজে ছেলেকে খাবার বেড়ে খাওয়াতেন, তা যত গভীর রাত-ই হোক। আব্বার খাবারের সময় আমাদের তার চারপাশে ঘুরঘুর করা নিষেধ ছিল, দাদা (আমরা দাদী কে দাদা বলতাম) বলতেন আব্বা সারাদিন বাইরে ছিলেন, হয়তো তেমন কিছু খাননি, ঘরে ফিরে খাবারের সময় আমরা ছেলে-মেয়েরা পাশে ঘুরাঘুরি করলে উনার মনযোগ নষ্ট হবে। এই নিয়ম অবশ্য আব্বাই পরে পরিবর্তন করেছিলেন। সবাই একসঙ্গে বসে রাতের খাবার খেতে হবে। এই নিয়ম আমাদের পরিবারে এখনও বিদ্যমান। আমি ঘরে না ফিরা পর্যন্ত মা, আমার স্ত্রী এবং ছেলে-মেয়েরা অপেক্ষা করে তা যত রাত-ই হোক এবং আমরা একসাথে খাবার খাই।

আব্বা আজ ৭ বছর (১২ জিসেম্বর ২০১৬) আমাদের ছেড়ে তাঁর কবরের জীবন শুরু করেছেন। মা-ভক্ত ছেলে আমার আব্বা তার মায়ের মৃত্যুর পরদিন থেকেই অসুস্থ্য হলেন এবং কয়েক মাসের মধ্যেই মারা গেলেন। নাম যেমন ছিলেন হাবিবুল্লাহ্ মারাও গেলেন ১২ রবিউল আওয়াল সোমবারের দিন আসরের নামাজের পর! (১২ ডিসেম্বর ইংরেজী তারিখ ছিল)! উনার ইচ্ছায় তার মায়ের কবরে তাকে রেখে আসলাম আমরা সবাই, তার জান্নাত তার মায়ের কাছেই তার সারা কবরের জীবন থাকার সৌভাগ্য হল॥

আব্বা ছিলেন অকুতভয় এক পাহাড়ের মত মানুষ। নিজের জীবনের শেষদিন পর্যন্ত এলাকার মানুষের জন্য কাজ করেছেন। আমাদের আব্বাকে কখনো শুধু আমাদের করে ভাবতে পারিনি। সবাই বলতেন তাদের খুব কাছের মানুষ, আমাদের ফুফাতো ভাইয়েরা বলেন তাদের মামা তাদের জীবনের হিরো বা অনুপ্রেরণা, তাদেরকেই সবচেয়ে ভালবাসতেন। ফুফুরা বলেন তাদের জীবনের শ্রেষ্ট পুরুষ তাদের ভাই, তাদের জন্যই তিনি সব করেছেন। গ্রামের বিভিন্ন মানুষ তাদের কত কাছের এটাই বলতে থাকেন। এই কয়েকদিন আগে সব ফুফু, ফুফাতো ভাই, চাচাতো ভাই-বোন মিলে গ্রামের বাড়িতে একত্রিত হয়েছিলাম। সবাই আব্বাকে নিয়ে কথা বলা শুরু করলেন, আমরাই কথা বলার সুযোগ পাচ্ছিলাম না!

আব্বা ছিলেন একজন দার্শনিক, জাদুকরিভাবে আমাদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত জীবনের বিভিন্ন গল্প বলতেন। আমরা তন্ময় হয়ে শুনতাম, জীবনের বড় বড় লক্ষ্য নির্ধারণ করতাম, অনুপ্রেরনা পেতাম, জীবন বোধ, নৈতিকতা, পরোপকার এগুলা ছোটবেলা থেকেই আব্বা ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন। এলাকার বড় বড় সালিশ-বিচার আব্বাই করতেন। অনেক বড় কঠিন ঝগড়া-বিবাদ, ভাগাভাগি, গ্রাম্য দলাদলি, কেস-মামলা আব্বা অনায়াসে সমাধান করতেন। বাড়ীর সামনে কাচারী ঘরে হাজার মানুষ নিয়ে অনেক সালিশ-বৈঠক আমি দেখেছি। আব্বা অনেক জোরে কথা বলতেন এবং ধমক দিতেন, অনেককে ধমক শুনে চেয়ার থেকে পড়ে যেতে দেখেছি। বেশিরভাগ মানুষ ভয়ে ধমক খেয়ে সত্য বলে দিতেন আর সালিশ সহজ হয়ে যেত। আমরা ভাই-বোন ছোটবেলায় কত ভয়ে প্যান্ট ভিজায় ফেলেছি হিসেব নেই।

শিক্ষকদের পায়ে হাত দিয়ে সালাম, সকল মুরুব্বীদের সম্মান দেখানো ছিল আব্বার কড়া নির্দেশ। সবাই ঈদের দিন নামাজ শেষে মিষ্টি কিংবা খাবারের দোকানে যেত, আর আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে মুরব্বীদের সালাম করতাম আর দোয়া নিতাম। আব্বা বলতেন এই দোয়াগুলোই তোমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন॥
আমি কিভাবে parenting করব তা যেন আমার আব্বার কাছ থেকে শেখা। আমাদের ঘরের সকল নিয়ম-কানুন এখনও খুব কড়াকডড়িভাবে আব্বার মত করেই চলে।

আব্বার মৃত্যু দিবসে আমি সারাদিন আব্বার স্যন্ডেল পরে থাকি, পান্জাবী আর চাদর পরে যেন আব্বাকে নিজের মধ্যে অনুভব করি। আমি দেখতে অনেকখানি আব্বার মত (লম্বা আর মাথার চুল পড়া বাদ দিলে) এবং আমার বৈশিষ্ট্য নাকি আব্বার সাথে মিল আছে! গত শুক্র-শনি গ্রামের বাড়িতেই ছিলাম, আব্বার সবকিছুর আশেপাশে। লোকজন যখন বলে লোভন ওর আব্বার মত, আমি মনে করি আমি মনে হয় কিছুটা সফল! জীবনের লক্ষ্য কোন পদ, পদবী বা বৈষয়িক হওয়া না, লক্ষ্য কিছুটা আব্বার মত হওয়া, কিন্তু এক জীবনে একজন হাবিবুল্লাহ্ বিশ্বাস হওয়া সম্ভব নই!

১২ই জিসেম্বর, ২০২৩
ঢাকা

লেখকঃ মোঃ কায়সার হামিদ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা