অটোমেটিক ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ১০৬ র্যাক সম্বলিত অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের ডাটা সেন্টার তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)৷ যা ইতিমধ্যেই এএনএসআই/টিআইএ-৯৪২, রেটেড-৩ (ডিজাইন এবং কন্সট্রাকশন) আন্তর্জাতিকমানের সনদ অর্জন করেছে৷ রেটেড-৩ ডেটা সেন্টারে পাওয়ার, কুলিং এবং অন্যান্য সিস্টেমগুলিকে অফলাইনে না নিয়ে এটিকে আপডেট এবং চলমান রাখার জন্য একাধিক পথ রয়েছে৷ যার ফলে, এপ্লিকেশন কার্যক্রম ব্যাহত না করে পরিকল্পনার ভিত্তিতে সরঞ্জাম/যন্ত্রপাতিগুলো সরানো/প্রতিস্থাপন/রক্ষণাবেক্ষণ করা যেতে পারে৷
গত ১২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড নিকুঞ্জে ডিএসই টাওয়ারে নতুন ডেটা সেন্টার থেকে ট্রেডিং কার্যক্রম চালু করা হয়েছে৷ চালুর পর থেকেই নতুন ডেটা সেন্টারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে৷ যা ডিএসইর আরো একটি বড় অর্জন৷
নতুন ডেটা সেন্টারে আধুনিক প্রযুক্তির সার্ভার, নেটওয়ার্ক যন্ত্রাংশ, স্টোরেজ, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদি সংযোজন করা হয়েছে৷ এই অত্যাধুনিক ডেটা সেন্টার চালু করার মাধ্যমে ডিএসই বিনিয়োগকারী এবং সকল স্টেকহোল্ডারদের স্বার্থের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য ও আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে৷
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান সিপিএ বলেন, নতুন ডেটা সেন্টার চালুর মাধ্যমে সাফল্যের আরো একটি মাইলফলক অর্জন করেছে ডিএসই৷ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মতিঝিল থেকে নিকুঞ্জে স্থানান্তর করা হয়েছে ডিএসই’র ডাটা সেন্টার৷ এতে প্রযুক্তিগতভাবে অগ্রগতি আরো বৃদ্ধি পেল৷ ডাটা সেন্টার প্রবর্তনের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে প্রবেশ করা ছাড়াও, ডিএসই’র ট্রেডিং প্ল্যাটফর্ম হবে আরো সুরক্ষিত৷ এর ফলে লেনদেনের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে একটি উন্নত ও আধুনিক পুঁজিবাজার গড়ে উঠবে।
উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ Oneworld Infotech-এর নেতৃত্রে গঠিত কনসোর্টিয়াম (Ctrls, NDE & Oneworld)-এর কারিগরি সহায়তায় আন্তর্জাতিকমানের, রেটেড-৩ ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার স্থাপন করেছে৷ এছাড়াও ডিএসই-এর টেকনোলজি পার্টনার NASDAQ এবং FlexTrade এপ্লিকেশন মাইগ্রেশনে কারিগরি সহযোগিতা করেছে৷ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে যে অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের ডেটা সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ ধারণার চারটি ভিওির অন্যতম ভিওি স্মার্ট অর্থনীতির লক্ষ্য অর্জনে সহায়ক হিসেবে কাজ করবে৷ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিজ্ঞতা এবং নতুন নতুন উদ্যোগের বাস্তবায়ন করেই সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছে৷ এই মহেন্দ্রক্ষণে ডিএসই সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছে।