চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে।
নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।