প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬
Logo

ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’। সুন্দরী বিষয়ক এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার নানা পর্বে অংশ নিয়ে নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার মাহিকে দেখা গেল প্রতিবেশী দুই দেশের সুন্দরীর সঙ্গে। তারা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো ও ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। নিজ নিজ সাজে তিনজনই দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

ছবিগুলোর সঙ্গে মাহি ক্যাপশনে লেখেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

প্রতিবেশী তিন দেশের সুন্দরীকে একসঙ্গে দেখে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ভারতের প্রতিযোগীকে পারফেক্ট মনে হচ্ছে’; আরেকজনের মন্তব্য, ‘পাকিস্তানে কি আর কেউ নেই?’, কারো মতে, ‘মাহি সবসময় সেরা’।

প্রসঙ্গত, সামিরা খান মাহি এই প্রতিযোগিতায় যাওয়ার অনেক আগে থেকেই শোবিজে প্রতিষ্ঠিত। নিয়মিত নাটক করেন তিনি। ভারতের প্রতিযোগী কাজিয়াহর বয়স মাত্র ১৯ বছর। তিনিও ইতোপূর্বে সিনেমায় অভিনয় করেছেন। আর পাকিস্তানের মিসবাহ জড়িত রয়েছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে।

২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা