দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তরের মিটিং রুমের পাশের একটি কিচেন রুমে শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পঞ্চম তলায় ধোয়ায় ছেয়ে গেছে। আমরা সবাই নিরাপদ রয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।
দুদক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুদকের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত আগুন নেভানো হয়।
জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তর অবস্থিত। ওই তলার মিটিং রুমের পাশের কিচেন রুমে আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার পর ভবনের নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়।