প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে সড়কে অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা