প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ চাপ নিয়ে খেলায় ভুল করেছে, শ্রাবণের ভুল অপ্রত্যাশিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা নিয়ে পাকিস্তানের সঙ্গে লড়ছিল বাংলাদেশ। কিন্তু গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে বল পেয়ে দুজনের মাঝ দিয়ে গোল করেছেন পাকিস্তানের আব্দুল সামাদ। সেই গোলে পাকিস্তান প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবং বাংলাদেশ স্বপ্নভঙ্গের হতাশায় পুড়ছে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এখনই হতাশ না হয়ে সামনের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন। 

ম্যাচ শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মিক্সড জোনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শেষদিকে গোল খেয়ে আমরা আশাহত হয়েছি। শ্রাবণ যে ভুল করেছে তা না হলে ভালো হতো আরকি। এ ধরনের ম্যাচে এমন ভুল অপ্রত্যাশিত। যেহেতু হয়ে গেছে কিছু তো করার নেই। একটা ম্যাচ দিয়েই ফুটবলের যে ব্যর্থতা তা বিচার করা যায় না। আমরা আশাবাদী দল আস্তে আস্তে আগাবে। এটা নিয়ে এত হুড়োহুড়ির কিছু নেই।’

বাংলাদেশ শুরু থেকে চাপ নিয়ে খেলার কারণে ভুল করেছে বলেও দাবি প্রতিমন্ত্রীর, ‘আমি মনে করি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। তবে বাংলাদেশ দলের কাছে যে প্রত্যাশা ছিল, তারা শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটি খেলেছে, পাকিস্তানের বিপক্ষে সেই খেলাটা খেলতে পারেনি। মনে হচ্ছিল তারা প্রেশারে ছিল। ফুটবলাররা শুরু থেকে “জিততেই হবে” এমন চাপ নিয়ে খেলেছে। ফলে তাদের পাস-প্রেসিং-আক্রমণে অনেক ঘাটতি ছিল। পাকিস্তান সুযোগের অপেক্ষায় ছিল, শেষ মুহূর্তে সেটি পেয়েই কাজে লাগিয়েছে।’

তবুও উভয় দল প্রায় সমান লড়াইয়ে থাকায় শেষ পর্যন্ত আশা টিকে ছিল। আমিনুল হক আবারও শেষ মুহূর্তের ভুলের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা আশা করছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত গোল করার সুযোগ থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট একটি ভুল করে ফেলেছি। সমস্যা নেই, আমরা পরবর্তী সময়ের জন্য প্রস্তুত হই। আশা করি সেখানে ভালো করব।’

বাংলাদেশের বিদায়ে আগামী ১৭ নভেম্বর সাফের ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। তবে ফাইনাল রং হারিয়েছে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘ফাইনাল তার রং হারিয়েছে। সেখানে আর উন্মাদনা থাকবে না, বাংলাদেশ যেহেতু নেই সেখানে উন্মাদনার প্রশ্নই আসে না।’

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা