প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানে আর সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই : রুবিও

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬

ইরানের বিরুদ্ধে আর কোনো মার্কিন সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কারণ, অর্থনৈতিক চাপের মাধ্যমে এই ‘দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের’ ওপর যুক্তরাষ্ট্র যে আঘাত হেনেছে, তা অত্যন্ত তীব্র বলে মনে করেন তিনি।

শুক্রবার ওয়াশিংটনে মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা ফেডারালিস্ট সোসাইটির এক আলোচনা অনুষ্ঠানে দেওযা বক্তৃতায় রুবিও বলেন, “সত্যি বলতে, বর্তমানে আমরা ওই দুর্বল ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে মাত্রার অর্থনৈতিক চাপ সৃষ্টি করছি—তা এতটাই প্রবল যে কোনো সামরিক পদক্ষেপের আর প্রয়োজন নেই; কারণ আমরা তাদের দুর্বল করে ফেলেছি। তবে আমার মতে, প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন নিশ্চিত করা যাবে যে তাদের হাতে কখনোই কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।”

রুবিও অবশ্য স্বীকার করেছেন যে ইরান যুদ্ধের জেরে মার্কিনিদের অর্থনৈতিক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে; বিশেষ করে জ্বালানির দাম বেড়ে যাওযায় মার্কিন ও বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল ট্রাম্প প্রশাসনকে।

“প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে খুব সহজেই ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকিকে উপেক্ষা করতে পারতেন, একটি অজনপ্রিয় যুদ্ধ এড়িয়ে যেতে পারতেন এবং বিষয়টি পরবর্তী প্রশাসনের ওপর ছেড়ে দিতে পারতেন। কিন্তু প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এই সমস্যাটিকে অমীমাংসিত অবস্থায় ফেলে রাখবেন না। কারণ এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও মার্কিনিদের নিরাপত্তার প্রশ্নটি জড়িত।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু এবং তারপর প্রায় ৬ মাস সামরিক সংঘাতের পর গত ২৪ আগস্ট থেকে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। এ অভিযানের আওতায় ইরানের বন্দরগুলো অবরোধ করা হয়, তেল রপ্তানিকে বন্ধ করে দেওয়া হয় এবং দেশটির ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের জবাবে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে অবরোধ আরও তীব্র করে ইরান। এ অবরোধ উপেক্ষা করে যেসব জাহাজ প্রণালিতে চলাচল করছে, সেগুলো হয় ইরানি ড্রোন-ক্ষেপণাস্ত্র, নয়তো ইরানি জলমাইনের শিকার হচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালী ও বৃহত্তর মধ্যপ্রাচ্য সামুদ্রিক অঞ্চলে প্রায় ১৩৪টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বা এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র : এপি, আরব নিউজ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা