প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ট্রান্স-হিমালয় অঞ্চলের যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ে ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

ডিজিটাল প্রযুক্তি ও পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতির মধ্য দিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক আদান-প্রদান এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে চীন ও বাংলাদেশের আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ে শুরু হয় দুই দিনব্যাপী ‘চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন’।

সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, লোকপ্রশাসন বিভাগ এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে সহযোগিতা করেছে চীনের ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউইএসটিসি)-এর লোকপ্রশাসন বিভাগ, চীনের কোঙ্গা টিভি এবং নেপালের হিমালয় টেলিভিশন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. তাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউইএসটিসির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নেপালের হিমালয় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যাম কাডেল।

সম্মেলন ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, সাংস্কৃতিক বিনিময় এবং সামাজিক উন্নয়নে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা