প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‌‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জবাবে আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে ‌‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আর্জেন্টিনার দুই বাহিনীর বিরুদ্ধে ওই পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, গত এপ্রিলে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দেয় আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান ওই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে মিত্র দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর আর্জেন্টিনা ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।

বুধবার বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘পারস্পরিক প্রতিক্রিয়া নীতির ওপর ভিত্তি করে আর্জেন্টিনার বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান।’’

এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না মন্ত্রণালয় বলেছে, ‘‘এটি পরিষ্কার যে এই সিদ্ধান্তের ফলে সৃষ্ট সব পরিণতির দায় আর্জেন্টিনার সরকারের ওপরই বর্তাবে।’’ তবে বিবৃতিতে আর্জেন্টিনার সেনাবাহিনীর বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।

গত এপ্রিলে আর্জেন্টিনা বলেছিল, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থন করায় ইরানের আইআরজিসির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে বুয়েনস আইরেস। দক্ষিণ আমেরিকার এই দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে চালানো ওই হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হন।

ইরানের একটি সুসংগঠিত এলিট সামরিক বাহিনী আইআরজিসি। এই বাহিনী দেশটির শিয়া মুসলিম ধর্মীয় শাসনব্যবস্থার সুরক্ষা ও ইরানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করে।

সূত্র : এএফপি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা