প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদির বিমান হামলায় কেঁপে উঠলো ইয়েমেনের রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

ইয়েমেনে রাজধানী সানার প্রাণকেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। আজ বুধবার (১১ নভেম্বর) করা এসব হামলায় ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির একটি ভবনকে টার্গেট করা হয়। হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে এটির আশপাশের বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এরসঙ্গে আল-মাফসার গ্যাস ফিলিং স্টেশনেও হামলা চালিয়েছে সৌদি আরব। এতে সেখানে থাকা ১৩টি তেলবাহী ট্যাংকার গাড়ি এবং সাধারণ গ্যাস ফিলিং প্লাটফর্মটি ধ্বংস হয়ে গেছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় সানার প্রাণকেন্দ্রে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তাদের সীমান্তবর্তী সা’দা গভর্নরেটের কাতাবির এবং সা’দা জেলাতে কামান থেকে গোলা ছুড়েছে সৌদি বাহিনী। আর এসব হামলা চালানো হয়েছে সৌদির নাজরান এবং জাজান অঞ্চল থেকে। হুথিরা বলেছে, সা’দার যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো অত্যন্ত জনবহুল।

হুথিদের মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ১০৯টি বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, গত দুদিনে বানি হুসাইস এলাকায় সৌদির হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। যাদের আজ সানার আল-সাবিনে সমাহিত করা হবে।

গত জুলাই থেকে সৌদি ও হুথিদের মধ্যে তীব্র লড়াই চলছে। এতে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ইয়েমেনে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ।

সূত্র: আলজাজিরা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা