প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ঢাকায় পৌঁছে দেওয়ার কথা বলে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাসে তুলে নেওয়ার পর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে চালক, হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসসহ তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরীর বাবা বাদী হয়ে ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাসচালক রবিউল করিম সরকার (২৬), হেলপার হালিম মোল্লা (৩৫) ও সুপারভাইজার মাহবুবুর রহমান (৩০)। তাদের সবার বাড়ি নাটোর জেলার বিভিন্ন এলাকায়। রবিউল গুরুদাসপুর উপজেলার বিড়িচাপিলা সাধুপাড়া গ্রামের ইয়াসিন সরকারের ছেলে। হালিম ইব্রাহিমপুর এলাকার ফিরোজ মোল্লার ছেলে এবং মাহবুবুর রহমান নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে ঝগড়া হওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয় কিশোরী। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় একটি বাসের হেলপার তাকে ঢাকায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে বাসে তুলে নেন।

তবে ঢাকার উদ্দেশ্যে রওনা না হয়ে বাসটি নিয়ে ভালুকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চলে আসেন চালক। সেখানে বাসের অন্য যাত্রীদের নামিয়ে দেওয়া হলেও কিশোরীকে পেছনের আসনে বসিয়ে রাখা হয়।

পরে বাসের লোকজনের কাছে গন্তব্য পরিবর্তনের কারণ জানতে চান কিশোরী। এ সময় তারা তাকে ঢাকাগামী অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে চালক, হেলপার ও সুপারভাইজার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই কিশোরী।

তার চিৎকার ও পরিস্থিতি আশপাশের লোকজনের নজরে এলে তারা বাসটি ঘিরে ফেলেন। পরে তিনজনকে আটক করে বাসসহ পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ কিশোরীকে উদ্ধার করে অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর বাবা-মা থানায় উপস্থিত হন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা