প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগেই ৩ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮১ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৭৫, চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, খুলনায়  ১৪৫ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা