প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাভার-ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬

সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে পার্কিং করে রাখা আরও ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।

সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে ও রাত ২টা ৮ মিনিটে সাভার ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এরপর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ময়লার মোড় এলাকায় রাতে একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানে একসঙ্গে প্রায় ১৫-২০টি বাস পার্কিং করা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা