প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বলেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হামলা করা হয়েছে। এ ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ফেসবুক লাইভে আসেন পরীমনি। জানান, তিনি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার সময় কিছু মানুষের তোপের মুখে পড়েন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন পরী।

অনুষ্ঠানের ব্যাকস্টেজে বসে ফেসবুক লাইভ করেছেন তিনি। পরীমনি জানান, তিনি তাৎক্ষণিক গুলশান থানায় ফোন করলে পুলিশ আসে। তারাও নাকি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন।

পরীমনি বলেন, ‘আমি থানায় ফোন করতে বাধ্য হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, গাড়িতে উঠতে পারছিলাম না। ব্যাকস্টেজে বসে আছি, রাত একটার সময়। তারা কারা জানেন? ইয়োলো জার্নালিজম করে, সাংবাদিকতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এখানে স্টলগুলো ভাঙচুর করেছে। এসবের দায়িত্ব কে নেবে? যাদের ক্ষতি হয়েছে, যেসব আর্টিস্ট হেনস্তার শিকার হলেন, তাদের ক্ষতির দায় কে নেবে?’

সাম্প্রতিক সময়ে পরীমনিকে ঘিরে একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। বিশেষ করে আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে তার বিরোধ নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিকদের একাংশ তাকে বয়কটের ডাকও দিয়েছেন।

সে প্রসঙ্গে ইঙ্গিত করে পরীমনি বলেন, ‘যদি আমার প্রতি ক্ষোভ থাকে, তাহলে আমার সঙ্গে বসুক, আমার সঙ্গে বুঝুক। আমি পুরো পারফর্মেন্স করলাম, কেউ কিছু বলল না। এখানে তো অনেক মানুষ, সাধারণ মানুষ। তাদের মাঝে ঝামেলা করার সাহস হয়নি ওদের। এজন্য আমি পারফর্মেন্স শেষ করে বের হয়ে যাওয়ার সময় আমার গাড়িতে আক্রমণ করল। এসব হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির দায় কে নেবে?’

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা