প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সানায় সৌদির বিমান হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের সানার আল-শারিয়া গ্রামে সৌদি আরবের চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। গতকাল শনিবার সানায় এ হামলা চালায় সৌদির বিমানবাহিনী। গতকাল ২২ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। আজ সেটি বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরুর পর ইয়েমেনে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

সানায় ৩৩ জন নিহত হওয়ার ব্যাপারে হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলআসবাহি আজ রোববার এক্সে বলেছেন, সৌদির বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার পাশপাশি ৩৯ জন আহত হয়েছেন।

তিনি গতকাল জানান, হামলার পর যখন প্যারামেডিকরা উদ্ধার অভিযান চালাতে যান তখন তাদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা হয়।

হুথি সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভির প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, যেখানে হামলা হয়েছে সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

সৌদি আরব এখন পর্যন্ত সানার রক্তক্ষয়ী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

গতকালের এ হামলার পর আজ সকালে সৌদি আরবে অন্তত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথিরা। এরমধ্যে অন্তত একটি মিসাইল রিয়াদের আরামকো টাওয়ারে আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দুজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, তারা আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখতে পেয়েছেন। তবে সৌদি এ নিয়েও কোনো মন্তব্য করেনি। শুধু বলেছে, হুথিদের ছোড়া সবগুলো মিসাইল প্রতিহত করা হয়েছে।

সূত্র: দ্য নিউ আরব, এএফপি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা