চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রামদা, একটি লোহার হুক ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শাহ আলম (২৫) নামের একজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে নুরুল হুদা জমিদারের ভাড়াঘরের একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন তুষার হাসান (২২) ও তাজুল ইসলাম (৩৬)। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের দেখানো ও হেফাজতে থাকা অবস্থায় অস্ত্র ও মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সদরঘাট থানা-পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার শাহ আলমের বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া কোতোয়ালি থানা ও চট্টগ্রাম রেলওয়ে থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভাণ্ডার যাচাই করে তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহ আলমের বিরুদ্ধে থাকা ১৩টি মামলার মধ্যে অস্ত্র আইনে তিনটি, ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি এবং অন্যান্য অভিযোগে করা মামলাও রয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার সদরঘাট থানায় দায়ের করা দস্যুতার মামলাতেও তাকে আসামি করা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের অপরাধের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় সদরঘাট থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।