প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের জালকুড়িতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এর আগে দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার কয়েকটি কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন।

শ্রমিকরা জানান, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে অন্যান্য শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা সেখানে এসে জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের মূল সড়কে প্রবেশে বাধা দেয় পুলিশ। তবে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকেরা লিংক রোডে উঠে পড়েন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ অব্যাহত রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা