প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে টেকনো ড্রাগস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার ওপর ভিত্তি করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জেকে টাওয়ারে কোম্পানির নিবন্ধিত কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২০০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেকনো ড্রাগসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ১ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ২৫ পয়সা বা ১৪ দশমিক ২১ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৭ হাজার ২৯৭ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ২৩ কোটি ২০ লাখ ২০ হাজার ৮১০ টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩০ টাকা ৫৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ২ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১ টাকা ৪৩ পয়সা।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সরাসরি অংশ নিতে পারবেন।

সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা