প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৯ ব্যাংকের মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬

১৪টি ব্যাংকের চলতি বছরের নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৯টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বিপরীতে কমেছে ৫ ব্যাংকের মুনাফা। 

প্রতিবেদনে দেখা যায়, এই ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ডাচ্‌-বাংলা ব্যাংক। ব্যাংকটির মুনাফা এক বছরের ব্যবধানে ১৪৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রূপালী ব্যাংকের লোকসান বেড়েছে ৫৩০ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর এই আর্থিক তথ্য প্রকাশ করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মুনাফা আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাচ্‌-বাংলা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২ টাকা ৫২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়ে হয়েছে ১০ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা। এতে মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ। ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে, যা ৪৬ শতাংশ বেশি। ইস্টার্ন ব্যাংকের মুনাফা ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সা হয়েছে, অর্থাৎ বেড়েছে ৪৩ শতাংশ।

এ ছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি মুনাফা ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৮১ শতাংশ বেড়েছে। এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। ফলে শতাংশের হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৮০ শতাংশ। তবে আগের বছরের মুনাফা কম থাকায় এ বৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে।

অন্যদিকে ওয়ান ব্যাংক, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক ও এমটিবির শেয়ারপ্রতি মুনাফা কমেছে। ওয়ান ব্যাংকের মুনাফা ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে, যা ১৮ শতাংশ কম। ইউসিবির মুনাফা ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা হয়েছে, কমেছে ১৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের মুনাফা ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে, আর এমটিবির মুনাফা ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সা হয়েছে।

তবে সবচেয়ে বড় নেতিবাচক চিত্র রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ।

এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও পার্থক্য রয়েছে। পূবালী ব্যাংকের নিট সম্পদমূল্য ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্‌-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮ টাকা ৪৯ পয়সা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা