২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিষয়ভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), এই দুটি বিষয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজিতে পাসের হার প্রায় ৬৩ দশমিক ৩৪ শতাংশ। আর আইসিটিতে পাসের হার ৭২ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ ইংরেজিতে প্রায় ৩৬ দশমিক ৬৬ শতাংশ এবং আইসিটিতে ২৭ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করতে পারেনি। বোর্ডভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা ও পাসের হার বিবেচনায় ভারিত গড় হিসাব করে এ চিত্র পাওয়া গেছে।
অন্যদিকে, আইসিটির ক্ষেত্রে হাতে-কলমে শেখার সুযোগের অভাব, পর্যাপ্ত কম্পিউটার ও ল্যাব সুবিধা না থাকা, প্রশিক্ষিত শিক্ষকের সংকট এবং ব্যবহারিক জ্ঞানের পরিবর্তে তাত্ত্বিক পড়াশোনার ওপর নির্ভরতা শিক্ষার্থীদের পিছিয়ে দিচ্ছে। বিশেষ করে শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত সুযোগ-সুবিধার বৈষম্যও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজির পর সবচেয়ে কম পাসের হার আইসিটিতে। যদিও হিসাববিজ্ঞানেও পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ, যা আইসিটির চেয়ে সামান্য বেশি।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ইংরেজিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৫৪ দশমিক ০৮ শতাংশ। যশোর বোর্ডে ৫৪ দশমিক ৯৫ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৬ দশমিক ০১ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৫৬ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে।
অন্যদিকে, আইসিটিতে সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৬৬ দশমিক ৪২ শতাংশ। যশোর বোর্ডে ৬৭ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৮ দশমিক ৭৪ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৭১ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, তুলনামূলক ভালো ফল হয়েছে পদার্থবিজ্ঞানে। আটটি বোর্ডের ভারিত গড় হিসাবে এ বিষয়ে পাসের হার প্রায় ৯০ দশমিক ১৭ শতাংশ। বাংলায় পাসের হার ৮৮ দশমিক ৭৯ শতাংশ এবং যুক্তিবিদ্যায় ৮১ দশমিক ৫০ শতাংশ।
বিষয়ভিত্তিক ফলাফলে ইংরেজির দুর্বল অবস্থান শীর্ষে। কারণ, এ বিষয়ে আটটি বোর্ডের কোনোটিতেই পাসের হার ৭৫ শতাংশও পৌঁছায়নি। ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৩ দশমিক ৬২ শতাংশ হলেও অন্য সাতটি বোর্ডে তা আরও কম।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়লের অধ্যাপক, সমসাময়িক ঘটনার বিশ্লেষক ও শিক্ষাবিদ ড. মো. সহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আইসিটি এমন একটি বিষয়, যেটি শুধু বই পড়ে শেখা সম্ভব নয়। এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীকে কম্পিউটার কী, হার্ডওয়্যার কী কিংবা প্রোগ্রামিংয়ের সংজ্ঞা মুখস্থ করালেই সে আইসিটি শিখেছে, এমনটি বলা যাবে না। তাকে কম্পিউটার ব্যবহার করতে দিতে হবে, বিভিন্ন সফটওয়্যারে কাজ করার সুযোগ দিতে হবে এবং বাস্তব সমস্যার সমাধান শেখাতে হবে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় আইসিটি পাঠদানের ক্ষেত্রে এই ব্যবহারিক দিকটিই সবচেয়ে বেশি অবহেলিত।
দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি ল্যাব থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার হয় না উল্লেখ করে এই শিক্ষাবিদ বলেন, কোথাও প্রয়োজনীয় কম্পিউটারের সংখ্যা শিক্ষার্থীর তুলনায় অনেক কম, কোথাও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে, আবার কোথাও ইন্টারনেট সংযোগ কিংবা বিদ্যুৎ সমস্যার কারণে ব্যবহারিক ক্লাস নেওয়া সম্ভব হয় না। কিছু প্রতিষ্ঠানে কম্পিউটার থাকলেও সেগুলো শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের জন্য উন্মুক্ত করা হয় না। ফলে একজন শিক্ষার্থী পরীক্ষায় আইসিটি বিষয়ে অংশ নেওয়ার আগে বাস্তবে কতবার কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেয়েছে, সেটি বড় প্রশ্ন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইসিটি শিক্ষকের দক্ষতা ও প্রশিক্ষণ। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদেরও নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ সীমিত, আবার কিছু প্রতিষ্ঠানে বিষয়টির পাঠদান এমন শিক্ষকদের দিয়ে করানো হয়, যাদের পর্যাপ্ত ব্যবহারিক অভিজ্ঞতা নেই। ফলে পাঠদান বইয়ের নির্দিষ্ট অধ্যায় শেষ করার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়।
আইসিটির প্রশ্নে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তিগত ধারণা যাচাই করা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যদি সংজ্ঞা, পার্থক্য ও বিভিন্ন তথ্য মুখস্থ করে পরীক্ষায় অংশ নিতে অভ্যস্ত হয়, তাহলে প্রশ্নের ধরন পরিবর্তিত হলে তাদের সমস্যা হওয়াই স্বাভাবিক।
তিনি বলেন, প্রোগ্রামিং কিংবা অ্যালগরিদমের মতো বিষয় বুঝতে হলে নিয়মিত অনুশীলন করতে হয়। শুধু পরীক্ষার কয়েক মাস আগে গাইডবই পড়ে এসব বিষয়ে দক্ষতা অর্জন সম্ভব নয়। এখানে শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার বৈষম্যও গুরুত্বপূর্ণ। রাজধানী বা বড় শহরের কোনো শিক্ষার্থী বাসায় কম্পিউটার, ইন্টারনেট কিংবা অতিরিক্ত প্রশিক্ষণের সুযোগ পেতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবই একমাত্র ভরসা। সেই ল্যাব কার্যকর না হলে তাদের শেখার সুযোগ আরও সংকুচিত হয়ে যায়। ফলে একই পাঠ্যসূচি ও একই পরীক্ষায় অংশ নিলেও সব শিক্ষার্থী সমান প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসতে পারে না।
তিনি আরও বলেন, আইসিটিতে কম পাসের হারকে শুধু শিক্ষার্থীদের অযোগ্যতা হিসেবে দেখার সুযোগ নেই। এটি আমাদের প্রযুক্তি শিক্ষার অবকাঠামো, শিক্ষক প্রস্তুতি এবং পাঠদান পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি করে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর কম্পিউটার ল্যাব, পর্যাপ্ত যন্ত্রপাতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যবহারিক ক্লাসের জন্য নির্দিষ্ট সময় ও মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। শিক্ষার্থী কম্পিউটার ব্যবহার না শিখে শুধু আইসিটি বই পড়ে পরীক্ষায় পাস করবে, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
জানতে চাইলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ইংরেজি ও আইসিটিতে শিক্ষার্থীদের এই ফলাফলকে শুধু দুটি বিষয়ের ফল খারাপ হওয়ার ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর মধ্য দিয়ে আমাদের সামগ্রিক শিক্ষাব্যবস্থার কয়েকটি মৌলিক দুর্বলতা সামনে এসেছে। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রস্তুত করছি, কিন্তু তারা বাস্তবে কতটুকু শিখছে, কতটুকু বুঝতে পারছে এবং অর্জিত জ্ঞান কতটা প্রয়োগ করতে পারছে, সেটি যথাযথভাবে মূল্যায়ন করছি না। ফলে সার্টিফিকেট অর্জন ও প্রকৃত দক্ষতা অর্জনের মধ্যে একটি বড় ব্যবধান তৈরি হচ্ছে।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে পরীক্ষার আগে গাইডবই, সাজেশন ও প্রশ্নব্যাংকনির্ভর প্রস্তুতি নেয়। কোন প্রশ্ন আসতে পারে, কোন অধ্যায় থেকে কত নম্বর পাওয়া যাবে, কীভাবে উত্তর লিখলে বেশি নম্বর মিলবে, এসব বিষয় তাদের প্রস্তুতির বড় অংশজুড়ে থাকে। কিন্তু একটি বিষয় গভীরভাবে বোঝা, নিজের চিন্তা দিয়ে প্রশ্নের উত্তর তৈরি করা কিংবা বাস্তব পরিস্থিতিতে জ্ঞান প্রয়োগ করার অভ্যাস তৈরি হয় না। ইংরেজির ক্ষেত্রে এই দুর্বলতা ভাষাগত দক্ষতায় প্রকাশ পাচ্ছে। আর আইসিটির ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞান থাকলেও ব্যবহারিক প্রয়োগে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
এখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং পাঠদানের পরিবেশের বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখতে হবে। একজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করার চাপ দেওয়া হয়। কিন্তু তিনি শিক্ষার্থীদের কতটুকু শেখাতে পারলেন, প্রত্যেক শিক্ষার্থীর দুর্বলতা কোথায়, কার জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন, এসব বিষয় পর্যবেক্ষণের কার্যকর ব্যবস্থা অনেক প্রতিষ্ঠানে নেই। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অংশগ্রহণ, প্রশ্ন করার সুযোগ এবং হাতে-কলমে শেখার পরিবেশও যথেষ্ট নয়।
আরেকটি বিষয় হচ্ছে, সব শিক্ষার্থী একই পরিবেশ ও সুযোগ নিয়ে বেড়ে ওঠে না। শহরের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে ধরনের শিক্ষক, প্রযুক্তি ও শিক্ষা উপকরণ পায়, প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থী অনেক সময় সেই সুযোগ পায় না। কিন্তু পরীক্ষার প্রশ্ন ও প্রত্যাশিত দক্ষতার মান একই। এই বৈষম্য কমাতে না পারলে শিক্ষার ফলাফলেও বৈষম্য থেকে যাবে। বিশেষ করে ইংরেজি ও আইসিটির মতো বিষয়ে পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সুযোগের প্রভাব অনেক বেশি। তবে পাসের হার কমেছে বলেই শিক্ষার্থীরা আগের তুলনায় কম মেধাবী হয়ে গেছে, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রশ্নপত্রের মান, প্রশ্নের ধরন, মূল্যায়ন পদ্ধতি এবং বিষয়ভিত্তিক পাঠদানের কার্যকারিতা সবকিছু পর্যালোচনা করতে হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি ও আইসিটি বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফল অনেকটাই প্রত্যাশিত ছিল। কারণ, এর আগে এসএসসি পরীক্ষার ফলেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। আগে হয়তো পরীক্ষার খাতা মূল্যায়নে যথাযথ মানদণ্ড অনুসরণ করা হতো না। বর্তমানে কিছুটা সঠিকভাবে মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। ফলে সামগ্রিক ফলাফলে মূলত যথাযথ মূল্যায়নের প্রভাব ও আগের ধারাবাহিকতার প্রতিফলন ঘটছে।
এটি আমাদের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা নানা অসঙ্গতি ও পড়াশোনার নিম্নমানের বহিঃপ্রকাশ। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। ১২ বছর লেখাপড়া করার পর অধিকাংশ শিক্ষার্থী পাস করবে এবং ভালো ফল অর্জন করবে, শিক্ষাব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত সেটিই। তবে এ লক্ষ্য অর্জনের জন্য পরীক্ষার মূল্যায়ন অবশ্যই যথাযথ, নিরপেক্ষ ও নির্ভুল হতে হবে।
এ বিষয়ে দেশের প্রবীণ শিক্ষাবিদ ও ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ইংরেজি ও আইসিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে খারাপ ফলের অন্যতম কারণ হলো, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বিষয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। এমনকি বহু স্কুলে প্রধান শিক্ষক না থাকায় প্রশাসনিক নেতৃত্বের সংকটও তৈরি হয়েছে। ফলে পাঠদান, শিক্ষকদের জবাবদিহি এবং শিক্ষার সামগ্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই শিক্ষার্থীদের খারাপ ফলের দায় শুধু পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির ওপর চাপিয়ে দিলে হবে না। বরং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকসংকট, প্রশাসনিক দুর্বলতা এবং পাঠদানের মানসহ মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এসব সংকটের সমাধান করা গেলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।