প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬

ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ একটা প্রাথমিক তদন্ত হতে হবে। লাশের পোস্টমর্টেম হচ্ছে। তারপরে আমরা সব বিষয় জেনে কথা বলব।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলের সম্পৃক্ততার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ, যার সন্তানই হোক। সংসদ সদস্যের সন্তান হলেও তাকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে আসা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হয়নি।

আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না। আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। তারা কোনোদিন রাজনৈতিক দল ছিল না। কারণ, আওয়ামী লীগের মধ্যে, তাদের ডিএনএর মধ্যে কোনো গণতন্ত্রের বীজ ছিল না। তারা একটা স্বৈরতান্ত্রিক মাফিয়া শক্তি ছিল। অরাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। তারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা