প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ ৩ নারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দোগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১১টা ১২ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে।

তিনি জানান, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোরেলগঞ্জগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং শিশুসহ ৩ নারী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহতরা হলেন— বাগেরহাটের শরণখোলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরার বাউনিয়ার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তার ৬ বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা