প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুরে নতুন হাসপাতাল নির্মাণের দাবি, একাধিক চিঠিতেও সারা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬

রংপুরে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের দুর্ভোগ কমাতে নতুন সদর হাসপাতাল এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন হাসপাতাল নির্মিত না হওয়ায় রোগী ও স্বজনদের চাপে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সচেতন মহলের মতে, ৯৬ বছরের পুরোনো সদর হাসপাতালটি সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করা সম্ভব হবে না। এটি এখন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছে। এ অবস্থায় রংপুরের মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর হাসপাতাল চালু করা কিংবা নতুন সদর হাসপাতালসহ জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণ জরুরি।

স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা সদর হাসপাতালটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। গত ৫ দশকে নতুন করে সরকারি কোনো হাসপাতাল গড়ে না ওঠায় রমেক হাসপাতালই এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। ফলে এক হাজার শয্যার এ হাসপাতালে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন। রোগী ও স্বজনদের পাশাপাশি চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদেরও হিমশিম খেতে হচ্ছে।

জানা যায়, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত সদর হাসপাতালটি একসময় রংপুরের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল ছিল। তবে স্বাধীনতার পর সময়ের পরিক্রমায় হাসপাতালটির কার্যক্রম সংকুচিত হতে থাকে। ১৯৭৬ সালে রমেক হাসপাতাল চালু হলে সদর হাসপাতালের কার্যক্রম আরও সীমিত হয়ে আসে। পরে ভবনটি কখনো টিকাদান কার্যক্রম, কখনো সংক্রামক ব্যাধি হাসপাতাল, আবার কখনো রমেক হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। করোনা মহামারি শুরুর আগেও সেখানে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হতো। বর্তমানে সেই কার্যক্রমও বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রাণকেন্দ্রে রংপুর সিটি করপোরেশনের বিপরীতে অবস্থিত সদর হাসপাতালের পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একসময়ের লাল দালানটি এখন ঝোপঝাড়ে ঢেকে গেছে। হাসপাতালের মূল ফটক বন্ধ থাকলেও দুই পাশে থাকা লোহার গ্রিল নেই। ভেতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর-বিড়াল। সব মিলিয়ে ভবনটিতে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ।

হাসপাতালের পাশে বসবাসরত স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের বিভিন্ন দরজা-জানালা খুলে নিয়ে গেছে চোরেরা। চারপাশে জন্মেছে ঝোপঝাড়। সন্ধ্যার পর সেখানে মাদকাসক্তদের মাদকসেবন করতে দেখা যায়। কখনো কখনো দিনের বেলায় চলে জুয়া খেলা। প্রবেশপথে ভবনের ওপরের অংশে এখনো ‘সংক্রামক ব্যাধি বিভাগ’ লেখা থাকলেও সেখানে কোনো চিকিৎসা কার্যক্রম নেই।

এদিকে সদর হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ থাকায় রোগীর চাপ বেড়েছে রমেক হাসপাতালে। প্রতিদিন বহির্বিভাগে দুই থেকে তিন হাজার রোগী চিকিৎসাসেবা নেন। অন্যদিকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন আড়াই থেকে তিন হাজার রোগী। এক হাজার শয্যার এ হাসপাতালে শয্যা অনুযায়ী জনবল রয়েছে মাত্র ৬৫০ শয্যার। ফলে ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগীকে সেবা দিতে চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালের চিকিৎসার পরিবেশও ব্যাহত হচ্ছে।

নগরীর পশ্চিম প্রান্তে রমেক হাসপাতালের অবস্থান হওয়ায় বিভিন্ন এলাকা থেকে রোগীদের সেখানে পৌঁছাতেও সময় লাগে বেশি। বিশেষ করে যানজটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে স্বজনদের বিড়ম্বনায় পড়তে হয়। যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে দেরি হলে অনেক সময় রোগীর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রংপুর সদর উপজেলায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। ২০২৫ সালের ১২ আগস্ট রংপুরের সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ বিষয়ে একটি চিঠি দেন। চিঠিতে রংপুর মহানগরীর বাইরে, তবে জেলা সদরের মধ্যে ঈশ্বরপুর ও হরিদেবপুর মৌজায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গায় ২৫০ শয্যার জেলা বা সদর হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর সদর উপজেলার জনসংখ্যা ৭ লাখ ১৮ হাজারের বেশি। সদর উপজেলা ও আশপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ জরুরি। এ প্রয়োজনীয়তা বিবেচনায় গত বছরের ২৬ অক্টোবর তৎকালীন জেলা প্রশাসক জেলা প্রশাসক সম্মেলনে রংপুর সদরে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আনার চেষ্টা করেন।

স্থানীয় সচেতন মহলও বিভিন্ন সভা, সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে সদর হাসপাতাল চালু এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণের দাবি জানিয়ে আসছে। সিভিল সার্জন কার্যালয় থেকেও এ বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এত উদ্যোগের পরও হাসপাতাল নির্মাণে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, রমেক হাসপাতালে সীমিত জনবল দিয়ে বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সদর হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। কিন্তু হাসপাতালটি বন্ধ রয়েছে। এটি দ্রুত চালু করে রংপুরের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পুরোনো হাসপাতালটি সংস্কার করে চালু করা সম্ভব না হলে নতুন হাসপাতাল নির্মাণ করতে হবে। রমেক হাসপাতালে রোগীর সংখ্যা কয়েকগুণ বাড়লেও সেই অনুপাতে স্বাস্থ্যসেবার মান বাড়েনি। এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে হিমশিম খেতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ ও সংকট সমাধানে সরকারকে উদ্যোগী হতে হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুরে নতুন সদর হাসপাতাল এবং জেলা পর্যায়ে একটি জেনারেল হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। এটি শুধু রংপুর নয়, পুরো বিভাগের মানুষের দাবি। একটি মাত্র সরকারি হাসপাতালে প্রতিনিয়ত রোগীদের ভোগান্তির ঘটনা ঘটছে। শয্যা ও জনবলসংকটের কারণে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছেন না। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন সরকারি হাসপাতাল নির্মাণের বিকল্প ভাবা উচিত হবে না।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, রংপুর সদরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সদর উপজেলায় হাসপাতাল নির্মাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বারবার চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য স্থান উল্লেখ করা হয়েছে। আমাদের হাতে এখন কিছু নেই। মন্ত্রণালয় পদক্ষেপ নিলে রংপুর সদর হাসপাতাল বা জেলা পর্যায়ের একটি জেনারেল হাসপাতাল নির্মাণ সম্ভব হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ বলেন, সিলেট ও বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি সদর হাসপাতাল রয়েছে। রংপুর বিভাগের আট জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে এখানেও বড় পরিসরের একটি সদর হাসপাতাল প্রয়োজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা