প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদি বিমানবন্দরে ফের হামলা: বাতিল ২২ হাজার যাত্রীর ১৪৪টি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জের ধরে বাংলাদেশি ২২ হাজার ২১ জন যাত্রীর সফর বাতিল হয়েছে। আকাশসীমা ও বিমানবন্দর পরিচালনায় সাময়িক বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৪৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কোয়াড্রন লিডার মো. সাকিব জানান, রিয়াদ বিমানবন্দরে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ১৪৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে ২২ হাজার ২১ জন যাত্রী গন্তব্যে যেতে পারেননি।

তিনি বাতিলের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। এ ছাড়া হামলায় আরও ২৭ জন বাংলাদেশি আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সামগ্রিকভাবে এ হামলায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা