প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬

পড়াশোনা, কাজ, সাফল্য, ব্যর্থতা, ভালোবাসা; সবকিছুর স্মৃতি জড়িয়ে রয়েছে সেই দেশের সঙ্গে। অথচ প্রতিবাদে অংশ নেওয়াকে কেন্দ্র করে এবার সেই দেশই ছাড়তে বলা হয়েছে বলিউড অভিনেতা ইমরান খানকে। ঘটনাটি ঘিরে সরব হয়েছেন নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ। সামাজিক মাধ্যমে ইমরানের প্রতি সমর্থন জানিয়ে কিরণ মনে করালেন, জীবনের ৪০ বছরই ভারতে কাটিয়েছেন এই অভিনেতা। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ের বিদেশি নাগরিকদের আঞ্চলিক নথিভুক্তিকরণ দপ্তর (এফআরআরও) ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করে। মার্কিন পাসপোর্টধারী এই অভিনেতার কাছে রয়েছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। অভিবাসন ও বিদেশি নাগরিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিজেপি নেতা কিরীট সোমাইয়ার অভিযোগের পরই এ পদক্ষেপ নেওয়া হয়।

ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান কিরণ রাও। প্রথমে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘বাহ, এবার মুম্বাই পুলিশও?’ এরপর ইমরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে কিরণ লেখেন, ‘৪৩ বছর বয়স। এর মধ্যে ৪০ বছরই ভারতে। এখানেই পড়াশোনা করেছে, কাজ করেছে, সাফল্য পেয়েছে, ব্যর্থ হয়েছে, ভালোবেসেছে এবং লড়াই করেছে।’

বলে রাখা ভালো, বলিউডের এই নির্মাতা কিরণ রাও ইমরানের মামা অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী।

শুধু কিরণ নন, ইমরানের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাবা আজাদও। এফআরআরওর নোটিশের খবরের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘কী! এটা একেবারেই উদ্ভট!’

এদিকে, ১০ অক্টোবরের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ইমরান, তার সঙ্গী লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জেইন মেরি খানকে সাময়িকভাবে আটক করেছিল মুম্বাই পুলিশ। পরে পুলিশের গাড়িতে বসে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ইমরান লিখেছিলেন, ‘মনে হচ্ছে, গাড়িতে করে ঘুরতে যাচ্ছি।’

আটক হওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন অভিনেতা। ইমরান বলেন, ‘আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে, এই শহরে বসবাসকারী একজন মানুষ হিসেবে এসেছি। কেন মানুষের চলাফেরার স্বাধীনতা সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখা হচ্ছে, সেটাই দেখতে এসেছি।’

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও উদ্যোগ নিয়েছেন তিনি। অভিনেতার আইনজীবীর দাবি, ওসিআই কার্ডধারীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া নিষিদ্ধ— এমন নির্দিষ্ট বিধান সংশ্লিষ্ট আইনে নেই।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা