জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (UNGA 81) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ও প্রকৌশলী মো. তৌহিদুল আলম।
সংযুক্ত আরব আমিরাতের Permanent Mission এবং United Nations Development Programme (UNDP)-এর আমন্ত্রণে Distinguished Delegate হিসেবে তিনি এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়েছেন।
এ উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘের একটি সম্মেলনে “Knowledge as a Crisis Compass” শীর্ষক সেমিনারে তিনি মঞ্চে বক্তব্য রেখেছেন। আলোচনায় বিশ্বের বিভিন্ন সংকট ও জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য, জ্ঞান এবং সম্মিলিত প্রজ্ঞা কীভাবে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও সমাধানের পথ দেখাতে পারে—সে বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়েছেন।
মো. তৌহিদুল আলম বর্তমানে যুক্তরাষ্ট্রের Comcast Corporation-এ Backend Engineer III, Engineering Operations হিসেবে কর্মরত। প্রযুক্তি ও প্রকৌশল খাতে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের আলোচনায় তার এই অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।
জাতিসংঘের এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে তৌহিদুল আলম বলেন, “জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণ এবং ‘Knowledge as a Crisis Compass’ বিষয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। UAE-এর Permanent Mission এবং UNDP-এর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের আলোচনা বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্ঞান, তথ্য ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।