প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাজেক পর্যটকবাহী গাড়ি চলার সময়সূচি পরিবর্তন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬

সাজেক সড়কে স্থানীয়দের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে নির্ধারিত স্কট বন্ধ থাকায় দুপুরে একসঙ্গে বহর নিয়ে সাজেকের উদ্দেশে ছেড়ে যাবে গাড়িগুলো।

এতে আগে থেকে অবরোধের খবর না জানা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে সকালে সাজেকে গিয়ে বিকেলে ফিরে আসার পরিকল্পনা নিয়ে খাগড়াছড়িতে আসা পর্যটকেরা পড়েছেন বিপাকে। রাতভর ভ্রমণ করে সকালে খাগড়াছড়িতে পৌঁছানোর পরও নির্ধারিত সময়ে সাজেক যেতে না পারায় অপেক্ষা করতে হচ্ছে তাদের।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক শাকিব মামুন বলেন, সাজেক ভ্রমণের পূর্বপরিকল্পনা ছিল। রাতে গাড়িতে ওঠার পর অবরোধের কথা জানতে পেরেছি। বাধ্য হয়েই এখানে এসেছি। এখন দুপুরের স্কটে সাজেক যাব। রাতভর জার্নি করে সকালে নেমেছি। অল্প সময়ের জন্য হোটেল রুম নেওয়া সম্ভব নয়। আমরা আটজনের একটি দল, তাই অপেক্ষা করতে হবে।

সিরাজগঞ্জ থেকে আসা পর্যটক বাবু আহমেদ বলেন, অবরোধের বিষয়ে আগে জানতাম না। এখানে এসে জেনেছি। সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসব, সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন জানতে পারছি, সাজেকে যেতেই বিকেল হয়ে যাবে।

আরেক পর্যটক মো. মিজানুর রহমান বলেন, আমরা কয়েকজন মিলে এসেছি। সাজেক সকালে গিয়ে বিকেলে ফিরে আসার পরিকল্পনা ছিল। এখানে এসে সড়ক অবরোধের কথা শুনছি। গাড় চালক জানিয়েছেন, প্রশাসনের অনুমতি পেলে গাড়ি ছাড়বে।

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ জানান, স্থানীয়দের ডাকে সাজেক সড়কে অবরোধ চলছে বলে তারা শুনেছেন। প্রশাসনের পক্ষ থেকে সাজেকগামী পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, দুপুর ১২টার দিকে সব পর্যটকবাহী গাড়ি একসঙ্গে খাগড়াছড়ি থেকে ছেড়ে যাবে। বাঘাইছড়ি থেকে দুপুর দুইটার বহরে পর্যটকদের সাজেকে নেওয়া হবে। পরদিন একই বহরে তাদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।

এদিকে, রোববার সকাল থেকে এখনও পর্যন্ত সাজেকের কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে সড়ক অবরোধের কারণে পর্যটকদের যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন আজ থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে এমন অভিযোগ তুলে তাদের সরিয়ে নেওয়ার দাবি এবং সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে সাজেক অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা