প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঋতুপর্ণাদের ম্যানেজারের অ্যালকোহল ‘প্রমাণ’ মেলেনি;

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার জুনিয়রের নাইট ক্লাবের ছবি প্রকাশ্যে আসায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। মাস চারেক আগে ভারতের গোয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি টিম হোটেলে অ্যালকোহল বহন করেছিলেন বলে বাফুফেকে জানিয়েছিল সাফ কর্তৃপক্ষ। সাফের এমন চিঠির প্রেক্ষিতে বাফুফে তদন্ত কমিটিও গঠন করেছিল। তিন মাস পর সেই তদন্ত কমিটি ম্যানেজারের টিম হোটেলে অ্যালকোহল বহনের কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। 

বাফুফে নির্বাহী সদস্য ও তদন্ত কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটন বলেন,‘আমরা সাফের চিঠির প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও জিজ্ঞাসাবাদ করেছি। সেটার আলোকে আমরা পেয়েছি, টিম ম্যানেজার বাংলাদেশ দলের রুম এবং মেডিক্যাল ফ্যাসালিটিজের জন্য সাফের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছে। এর প্রেক্ষিতে তাকে উল্টো অভিযুক্ত করে বাফুফেকে চিঠি দিয়েছে সাফ। হোটেলের কাছে আমরা ফুটেজ চেয়েছিলাম। এক মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ায় তারা ফুটেজ দিতে পারেনি। অ্যালকোহল বহনের উপযুক্ত প্রমাণ আমরা পাইনি তবে সে সাফের কর্মকর্তাদের সাথে উচ্চবাচ্য করেছে এটা সঠিক। ভবিষ্যতে আচরণে সতর্ক হওয়ার নির্দেশনা থাকবে রিপোর্টে। দুই-এক দিনের মধ্যে আমরা প্রতিবেদন জমা দেব।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বরাবর ২৬ মে চিঠি দিয়েছিল সাফ। সেই চিঠিতে সাফ উল্লেখ করেছে ২৩ মে ভারতীয় সময় বিকেল ৫ টা ৫৬ মিনিটে চারটি অ্যালকোহল বোতল বহন করেন টিম ম্যানেজার খালিদ মাহমুদ। বাইরে থেকে অ্যালকোহল হোটেলে আনার নিয়ম নেই, এ নিয়ে হোটেল স্টাফের সাথে বাংলাদেশ টিম ম্যানেজারের বাকবিতণ্ডার কথা চিঠিতে উল্লেখ আছে। সাফ যেখানে সুনির্দিষ্ট সময় ঘটনার বিবরণ দিয়েছে এরপরও বাফুফে তদন্ত কমিটি সেটা উদঘাটন করতে পারেনি। কারণ তারা তদন্ত কার্যক্রম করেছে ঢিমেতালে,‘কমিটি গঠন হয়েছে বিশ্বকাপের আগে। বিশ্বকাপ ফুটবল দেখতে আমেরিকায় ছিলাম কয়েক সপ্তাহ। ফেডারেশনের অন্য কাজেও কিছু সময় গেছে’-বলেন তদন্ত কমিটির প্রধান হিলটন।

হোটেলে সারা দিন অনেক মানুষ যাতায়াত করে। এত ভিডিও তথ্য নির্দিষ্ট সময়ের পর রাখে না অনেক হোটেল। ২৩ মে’র ঘটনা তিন মাস পর কেন চাইল তাই বাফুফে গঠিত তদন্ত কমিটির আন্তরিকতা তাই চরমভাবে প্রশ্নবিদ্ধ। তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আতিকুর রহমানকে মাঝপথে সরিয়ে দেয়া আরেক প্রশ্নের জন্ম দিয়েছে। যিনি বছর দেড়েক আগে পিটার বাটলারকে নিয়ে সাবিনাদের বিদ্রোহের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নারী দলের ম্যানেজারের তদন্ত কমিটির প্রথম সভায় তিনি উপস্থিত ছিলেন। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও এসেছিল। সরকারি আদেশে কন্টিনজেন্ট তালিকা এবং কতজন গিয়েছিল সেই সফরে, হোটেল ফুটেজ, সংশ্লিষ্ট সকল পক্ষের স্বাক্ষ্যসহ আরো কয়েকটি বিষয়। এগুলো বাস্তবায়নে বিলম্ব কেন এর সদুত্তর দিতে পারেননি হিলটন। এতে ফুটবলাঙ্গনে প্রশ্ন তদন্ত কি আসলেই নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে?

হোটেলের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি সময় পেরিয়ে যাওয়ায় তাহলে চিঠি প্রদানকারী সংগঠন সাফের সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরে হিলটন বলেন,‘সাফ চিঠি দিয়েছে। আমরা সেটা খতিয়ে দেখেছি। তাদের জিজ্ঞেস করিনি, প্রয়োজনে আমাদের প্রতিবেদন তাদের দেওয়া যেতে পারে।’

সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বাংলাদেশ নারী দলের ম্যানেজারের অ্যালকোহল প্রসঙ্গে বলেন,‘হোটেল কর্তৃপক্ষ আমাদের রিপোর্ট করেছিল। আমরা সেটা বাফুফেকে অবহিত করি। আমরা এটা নিয়ে কোনো ডিসিপ্লিনারি পদক্ষেপ নেইনি এবং নেবও না। শুধু বাফুফেকে অবহিত করে রেখেছি, এটা বাফুফের বিষয় তারা কি করবে।’

টিম ম্যানেজার এবং দলের অনেকের বক্তব্য ছিল অন্য দলের সঙ্গে অ্যালকোহল ছিল। তাদের চিঠি না দিয়ে শুধু বাংলাদেশকে কেন সাফের চিঠি? সাফ সাধারণ সম্পাদককে এ নিয়ে প্রশ্ন হলে তিনি বলেন,‘সাফের পক্ষ থেকে অ্যালকোহল মনিটর করা সম্ভব নয় এবং এটি আমাদের দায়িত্বও নয়। অন্য দলের ইস্যুতে হোটেল থেকে আমাদের কোনো রিপোর্ট দেয়নি। শুধু বাংলাদেশ দলের ম্যানেজারকে নিয়ে রিপোর্ট এসেছিল। তাই আমরা সেটা বাফুফেকে জানাই পাশাপাশি রুম এবং মেডিক্যাল ফ্যাসিলিটিজের ব্যাখ্যাও দেওয়া হয় চিঠিতে।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা