প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফিফার সদস্যদের সুখবর, ৬০০ কোটি ডলারের ভল্ট খোলা হচ্ছে ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, আর সমর্থনের পাল্লা ভারী করতে যেন একটু নড়েচড়ে বসছেন এর প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ফিফার নগদ রিজার্ভ থেকে সংস্থার ২১১ সদস্যদের প্রত্যেককে অন্তত এক কোটি ডলার করে দেওয়ার তাগাদা দিয়েছিল উয়েফা ও কনকাকাফ। তাদের সেই আহ্বান বিবেচনায় রেখেছেন ইনফান্তিনো।

ফিফার নগদ রিজার্ভে থাকা ৬০০ কোটি ডলারের ভল্ট ভাঙতে চলেছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান। সোমবার গভর্নিং বডির ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের কাছে পাঠানো চিঠি বিবিসি স্পোর্টের নজরে পড়েছে। সেখানে ইনফান্তিনো বলেছেন, অতিরিক্ত তহবিল থেকে দায়িত্বের সঙ্গে সর্বোচ্চ পরিমাণ অর্থ বিতরণকে তিনি সমর্থন দেবেন।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানা গেছে। ইনফান্তিনো ওই চিঠিতে লিখেছেন, ‘আমি অর্থের পরিমাণ নিয়ে আগে থেকে কোনো মন্তব্য করব না। আমি সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিলকে সমর্থন করব, যা ফিফার যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বের সাথে প্রদান করা সম্ভব, ন্যায্যভাবে প্রয়োগ করা হবে এবং স্বচ্ছ ও নিরীক্ষণযোগ্য ব্যবস্থা দ্বারা সমর্থিত হবে। এই উচ্চাকাঙ্ক্ষা প্রশংসনীয়। এখন আর্থিক প্রমাণ, প্রশাসনিক ব্যবস্থা এবং বাস্তবায়নকে অবশ্যই একে সমর্থন করতে হবে।’

তিনি ব্যাখ্যা করলেন, ‘একটি একক সংখ্যা আলোচনার সূচনা করতে পারে, কিন্তু তা একটি বৈশ্বিক নীতিকে সম্পূর্ণ করতে পারে না। তাই আমি মহাসচিবকে নির্দেশ দিয়েছি যেন তিনি সমস্ত দাখিলকৃত প্রস্তাবগুলোকে একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করেন, যা ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।’

গত বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা সভাপতির বাতিল হওয়া প্রাইভেট ইকুইটি প্রস্তাবের জবাবে ফুটবল পরিচালনা পর্ষদগুলোর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ-এর উদ্দেশ্য ছিল বিশ্বকাপসহ সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব পরিচালনার জন্য একটি নতুন কোম্পানি তৈরি করা, যার ২১% শেয়ার একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো। জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে মাত্র চার দিন পর এই পরিকল্পনাটি বাতিল করা হয়।

সেই পরিকল্পনাটি বাতিল হলেও ইনফান্তিনো আবার দাবি করলেন, অতিরিক্ত অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই ওই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। সুইস-ইতালিয়ান প্রশাসক বললেন, ‘সাম্প্রতিক একটি বাণিজ্যিক প্রস্তাবনা, যা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফুটবলে আরও বেশি বিনিয়োগের জন্য ফিফাকে সক্ষম করার উদ্দেশ্যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।’

২০২৭ সালের মার্চে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচনে দাঁড়াবেন ইনফান্তিনো। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১৮ নভেম্বরের মধ্যে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা