প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, তবুও আন্তর্জাতিক গন্তব্য নয় কেন কক্সবাজার?

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যে ইন্দোনেশিয়ার বালি কিংবা থাইল্যান্ডের পাতায়ার চেয়ে পিছিয়ে নেই কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকতের দাবিদার এই পর্যটনশহরে রয়েছে পাহাড়, বন, দ্বীপ, প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। বিমানবন্দর, রেল ও সড়ক যোগাযোগের পাশাপাশি গড়ে উঠেছে শত শত হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। প্রতিবছর লাখ লাখ পর্যটকও আসছেন।

এত সম্ভাবনা ও বিনিয়োগের পরও আন্তর্জাতিক পর্যটনবাজারে কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারেনি কক্সবাজার।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হয়ে ওঠার জন্য যে ধরনের বৈচিত্র্যময় বিনোদন, মানসম্মত সেবা, নিরাপত্তা ও পরিবেশবান্ধব অবকাঠামো প্রয়োজন, তার অনেক কিছুই এখনো অনুপস্থিত। বিদেশি পর্যটকদের জন্য সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট, সহজ ভিসাব্যবস্থা, প্রশিক্ষিত গাইড ও বহুভাষিক তথ্যসেবার ঘাটতি রয়েছে। সৈকতের বাইরে সম্ভাবনাময় পর্যটন এলাকাগুলোও সমন্বিত পর্যটনপণ্যে রূপ নেয়নি। ফলে পর্যটকের সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক পর্যটনবাজারে প্রতিযোগিতার সক্ষমতা সেভাবে তৈরি হচ্ছে না।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। দিবসটি সামনে রেখে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক গন্তব্য হয়ে ওঠার পথে বেশ কয়েকটি প্রতিবন্ধকতার কথা জানা গেছে।

বিদেশি পর্যটক আকর্ষণে পিছিয়ে কেন কক্সবাজার? 

আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের সম্ভাবনা থাকলেও বিদেশি পর্যটকের উপস্থিতি এখনো সীমিত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্য, দুই দশক আগের তুলনায় সমুদ্রসৈকতে বিদেশি পর্যটকদের উপস্থিতি কমেছে। তবে বিদেশি পর্যটকদের আগমনের হালনাগাদ ও পৃথক পরিসংখ্যান সহজলভ্য নয়।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলোর সঙ্গে কক্সবাজারের বড় পার্থক্য পর্যটনপণ্যের বৈচিত্র্যে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইন্দোনেশিয়ার বালিতে প্রায় ৭০ লাখ বিদেশি পর্যটক গেছেন। থাইল্যান্ডের পাতায়ায় বছরজুড়ে ম্যারাথন, সংগীত, চলচ্চিত্র, আতশবাজি, জলক্রীড়া, সুস্থতা ও ব্যবসায়িক আয়োজনসহ ৫০টির বেশি বড় ও মাঝারি অনুষ্ঠান হয়। অথচ কক্সবাজারে পর্যটকদের প্রধান আকর্ষণ এখনো সমুদ্রসৈকত। অধিকাংশ পর্যটকের ভ্রমণ হোটেল, সৈকত, রেস্তোরাঁ ও বাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আবু মোর্শেদ চৌধুরীর মতে, আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে হলে সমুদ্রসৈকতের পাশাপাশি বছরজুড়ে সাংস্কৃতিক উৎসব, জলক্রীড়া, আন্তর্জাতিক সম্মেলন, ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক আয়োজন চালু করতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে বিপুলসংখ্যক হোটেল ও রিসোর্ট থাকলেও বিদেশি পর্যটকদের দীর্ঘ সময় ধরে রাখার মতো আয়োজন গড়ে ওঠেনি। পর্যটকদের নিরাপত্তা, হয়রানি এবং অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগও রয়েছে। এসব সমস্যার সমাধান ছাড়া আন্তর্জাতিক পর্যটনবাজারে কক্সবাজারের গ্রহণযোগ্যতা বাড়ানো কঠিন।

আন্তর্জাতিক বিমানবন্দর হলেই কি আন্তর্জাতিক গন্তব্য?

কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। রেল যোগাযোগ চালু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের যাতায়াতও সহজ হয়েছে। তবে আন্তর্জাতিক পর্যটন বাজারে প্রবেশের জন্য শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।

ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল বলেন, বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলেই কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হয়ে উঠবে না। প্রয়োজন সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট, সহজ ভিসাব্যবস্থা, মানসম্মত আবাসন, প্রশিক্ষিত জনবল, বহুভাষিক তথ্যসেবা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যটনবাজারে ধারাবাহিক প্রচারণা।

তিনি বলেন, বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে হবে। শুধু সমুদ্রসৈকতের সৌন্দর্য প্রচার করে আন্তর্জাতিক পর্যটনবাজারে দীর্ঘমেয়াদি অবস্থান তৈরি করা সম্ভব নয়।

আন্তর্জাতিক মানের বিনোদনের ঘাটতি

আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলোর অন্যতম আকর্ষণ রাতের বিনোদন। পর্যটকরা দিনের বেলায় বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি সন্ধ্যা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, কেনাকাটা এবং পরিবারবান্ধব বিনোদনে অংশ নেন। কক্সবাজারে এসব সুযোগ এখনো সীমিত।

গত ১৮ সেপ্টেম্বর রাতে সুগন্ধা পয়েন্টের একটি রেস্তোরাঁয় পর্যটকদের জন্য আয়োজিত ডিজে নাইট ঘিরে পুলিশি অভিযান রাতের বিনোদনের প্রশ্নটি নতুন করে সামনে এনেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশি চালালেও অভিযোগ অনুযায়ী কোনো কার্যক্রম পায়নি। পরে পাশের কটেজ জোন থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২১ নারী-পুরুষকে আটক করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা