প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এমপি মাহবুবা হাকিমের দেয়া তথ্য ‘মিথ্যা নয়, বরং করণিক ভুল’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য (এমপি) মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তিনি জানিয়েছেন, —তার দেয়া তথ্য মিথ্যা নয়, বরং এটি একটি করণিক ভুল।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, হলফনামায় প্রদত্ত তথ্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা নয়; বরং নথি প্রস্তুতের সময় অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক বা টাইপজনিত ভুলের কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়, মাহবুবা হাকিমের প্রকৃত শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি সম্পন্ন করা। কিন্তু হলফনামায় সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘এমবিএ, ব্যাচেলর এট ল’ উল্লেখ হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে সংশ্লিষ্টরা জানান, হলফনামা তৈরির সময় পূর্বনির্ধারিত একটি ফরম্যাট ব্যবহার করা হয়। সেই ফরম্যাটে কাজ করার সময় অনিচ্ছাকৃতভাবে পূর্বের তথ্য থেকে কপি-পেস্টের মাধ্যমে এই ভুলটি থেকে যায়। ফলে প্রকৃত তথ্য থাকা সত্ত্বেও উপস্থাপনায় অসঙ্গতি দেখা দেয়।

মামুনুল হক বলেন, এটি কোনো মিথ্যা তথ্য নয়, এটি একটি অনিচ্ছাকৃত করণিক ভুল। হলফনামার সঙ্গে দাখিল করা শিক্ষাগত সনদপত্রে তার প্রকৃত যোগ্যতা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসেনি, যা প্রমাণ করে এটি ইচ্ছাকৃত গোপনীয়তা ছিল না।

জানতে চাইলে, এমপি মাহবুবা হাকিম স্বদেশ বাংলাকে বলেন, বিষয়টি এমন নয় যে, আমার শিক্ষাগত যোগ্যতা পাল্টে দিলে আমি বিশেষ কোনও সুবিধা পাব। বরং আমার প্রকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ আমি জমা দিয়েছি। আমি প্রকৌশলী। নীতি-নৈতিকতা কিংবা ধর্মীয় অনুশাসন এসবের বিষয়ে কোনও আপোষ করি না। তাই মিথ্যা তথ্য দেয়ার আগ্রহ বা ইচ্ছে আমার নেই। বরং আমি যে বিষয়ে শিক্ষা অর্জন করেছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট।

তিনি বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা