প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধনকুবের ব্যবস্থাপককে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। ধনকুবের, আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ব্যবস্থাপক ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে জেমিমার পরিবার নিশ্চিত করেছে।

এর আগে, সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছর সংসার করার পর ২০০৪ সালে বিচ্ছেদ ঘটে ৫২ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার। ইমরান-জেমিমা দম্পতির সুলাইমান ও কাসিম নামে দুই ছেলে রয়েছে। ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন, আর তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করছেন।

জেমিমার ভাই বেনের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি, কী আনন্দের দিন!’’

৬২ বছর বয়সী ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলি ও জেমিমা গোল্ডস্মিথ গত সপ্তাহান্তে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ আগ্রহ থেকেই এই নবদম্পতির প্রথম পরিচয় হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা জেমিমা গোল্ডস্মিথ বেশ কয়েকটি শো ও চলচ্চিত্র রচনা ও প্রযোজনা করেছেন। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত বহুল প্রশংসিত রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ অন্যতম।

এছাড়া তিনি ‘দ্য নিউ স্টেটসম্যান’ ও ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো বিশ্বখ্যাত সাময়িকীতে সম্পাদনা ও লেখালেখির কাজ করেছেন এবং বিভিন্ন মানবাধিকার ইস্যুতে সবসময়ই সোচ্চার থাকেন।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কারাবন্দি সাবেক স্বামীর পক্ষ নিয়ে এবং ছেলেদের প্রচারণার সমর্থনে একটি পোস্ট করেন জেমিমা। সেখানে তিনি লেখেন, “এটি এখন আর স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়। এটি মানবাধিকারের এক চরম জরুরি সংকট।”

তিনি লেখেন, “যুক্তরাজ্যের সঙ্গে তার (ইমরান খান) আজীবনের গভীর সম্পর্ক রয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখানকার ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং কয়েক বছর যুক্তরাজ্যে কাউন্টি ক্রিকেট খেলেছেন। দেশটির সঙ্গে তার এই সম্পর্ক আধা শতাব্দীরও বেশি সময়ের। বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাকিস্তানের একমাত্র ক্যান্সার হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তার আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নানা দাতব্য কার্যক্রম রয়েছে।”

ক্ষোভ প্রকাশ করে জেমিমা বলেন, “আমার দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাজ্যের নাগরিক। হাজার মাইল দূরে থেকে তাদের বাধ্য করা হচ্ছে বাবার শারীরিক অবস্থার অবনতি দেখতে। তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না, এমনকি সরকারি কর্মকর্তারা তাদের প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে তাদের নিয়মিত মুঠোফোনে কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে।”

সূত্র: এনডিটিভি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা