প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাশমিকা মান্দানার বিয়ে বাড়িতে গুঞ্জন ওঠে; ৬৭ বছর বয়সী অভিনেত্রী নীনা গুপ্তা অন্তঃসত্ত্বা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন বিধিনিষেধ ভাঙা, এমন নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে ৬৭ বছর বয়সে এসেও বিয়ে বা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের কড়া জবাব দিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞাসা করা হয়, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন’ বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি কীভাবে তা সামলান। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি?— বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’

কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। রাশমিকা মান্দানার বিয়ে বাড়ি থেকে এ জল্পনার সূত্রপাত। সে অনুষ্ঠান থেকে জেষ্ঠ এ অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে; নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে যাচ্ছেন তিনি।

সেই গুঞ্জন প্রসঙ্গে নীনা গুপ্তা জানান, এটি শুধুই শাড়ির ভাঁজের কারণে তৈরি ভুল ধারণা ছিল। বলেন, ‘আমি শাড়ি পরেছিলাম এবং সেটি ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল—৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা! আমিও আমার টিমকে বলে দিয়েছিলাম যে তারা যেন বলে দেয় আমি অন্তঃসত্ত্বা। এমনকি পরিচিত কাউকে শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিং করা হলে আমি তাদেরও পরামর্শ দিই রসিকতা করে বলতে যে তারা অন্তঃসত্ত্বা।’

পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবন নীনা গুপ্তার। তিনি সেই ক্ল্যাসিক যুগের নায়িকা। সাম্প্রতিক সময়ে ‘বধ টু’, ‘বাধাই হো’, ‘মেট্রো… ইন দিনো’ সিনেমায় কাজ করে আলোচনায় ছিলেন। বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করেন অভিনেত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা