প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সর্ববৃহৎ দাতব্য সংস্থা নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। 

আজ (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া তার সংস্থার মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগ চিকিৎসায় নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। এছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বিশেষ করে তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং উপার্জনক্ষম করে তোলার বিষয়ে নিপ্পন ফাউন্ডেশনের নানাবিধ কাজগুলো বৈঠকে উপস্থাপন করা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের আহ্বানে আরো কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য তিনি নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি উদাত্ত আহ্বান জানান। বৈঠকে আমীরে জামায়াত নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহায়তারও আশ্বাস দেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা