প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের রণতরীর কেন এ অবস্থা ?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬

২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। গত বুধবার এটি থাইল্যান্ডের উপকূলে নোঙর করে।

দানবাকৃতির এ রণতরীটি দেখার জন্য অনেক মানুষ থাইল্যান্ডের সমুদ্রের তীরে দাঁড়িয়ে ছিলেন। তবে রণতরীটির অবস্থা দেখে তারা অবাক হয়েছেন। আগের ছবিতে যেখানে ইউএসএস আব্রাহাম লিংকন ছিল ঝকঝকে। সেখানে বর্তমানে এটির বাহ্যিক অবস্থা বেশ শোচনীয়। রণতরীটির নিচের দিকে রং উঠে মরিচা ধরেছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আব্রাহাম লিংকন তার বাড়ি সান দিয়েগো থেকে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে। এরপর থেকে এটি ২৮৬ দিন ধরে সমুদ্রে আছে। এরসঙ্গে এটি মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ এবং নৌ-অবরোধে অংশ নিয়েছে। আর সমুদ্রে এত লম্বা সময় ধরে থাকায় এটির নিচের অংশে মরিচা ধরেছে এবং রণতরীর ঝকঝকে ভাবটিও চলে গেছে।

মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল স্কুসজার, যিনি লিংকনের মতো এমন জাহাজে তিনবার সমুদ্রে অভিযানে গিয়েছিলেন, তিনি সিএনএনকে বলেছেন, “একটি জাহাজ যখন সমুদ্রে ৬০ দিন বা তার বেশি নিয়োজিত থাকে তখন এটির পানির অংশে মরিচা ধরা অস্বাভাবিক কোনো কিছু নয়।”

নৌবাহিনীর সাবেক এ ক্যাপ্টেন বলেছেন, যখন একটি যুদ্ধজাহাজ বা রণতরী যুদ্ধে মোতায়েন থাকে তখন সমুদ্রে এটির মরিচা সারা যায় না।

কারণ এটি করতে হলে ক্রুদের পানির স্তর পর্যন্ত নামতে হবে। এরপর মরিচা ঘষে সেগুলো পরিষ্কার ও রঙ করতে হবে।

তিনি জানিয়েছেন, সবমিলিয়ে হয়ত এই মরিচা পরিষ্কার করতে ৩০দিন সময় লাগবে। এরমধ্যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর কাজের কিছু অংশ থাইল্যান্ডেই করা হতে পারে।

সূত্র: সিএনএন

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা