প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নতুন কমিটির প্রথম সভায় কর্মপরিকল্পনা চূড়ান্ত করল বহুবচন থিয়েটার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬

বহুবচন থিয়েটারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় হোটেল অর্নেট ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা আবদুর রাজ্জাক, আর সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা।

সভার শুরুতে বহুবচন থিয়েটারের জনপ্রিয় নাটক ‘মলিয়েরের প্রেম বড় কবিরাজ’-এর একটি অংশ মঞ্চস্থ করা হয়। এতে অভিনয় করেন সংগঠনের নিয়মিত শিল্পী তারিক বিন সুলতান (ডালিম), আমিন আহমেদ মোল্লাহ ও অনামিকা। নাট্যাংশটি উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়ায়।

এরপর স্বাগত বক্তব্য দেন নির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।

সভায় নাট্যজন আতাউর রহমান, বহুবচন থিয়েটারের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি মু. ইকবাল হোসেন, তাঁর প্রয়াত পুত্র ইয়াসির আরাফাত এবং সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মাহমুদা খাতুন-এর স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নির্বাহী সাধারণ সম্পাদক আমিন আহমেদ মোল্লাহ শোক প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

 

শোকপর্ব শেষে নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা আবৃত্তি করেন।

সভাপতি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি রেহান মিয়া, খন্দকার মহিউদ্দিন রতন, কবি লিলি হক, দুলাল চন্দ্র সরকারসহ অন্যান্য নেতারা।

সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা সংগঠনের আসন্ন কর্মসূচি তুলে ধরে জানান, অল্প সময়ের মধ্যেই ‘প্রেম বড় কবিরাজ’ ও ‘বিজয়া’ নাটকের মহড়া ও মঞ্চায়ন শুরু করা হবে। পাশাপাশি দ্রুত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তও সভায় গৃহীত হয়েছে।

সভা শেষে সভাপতি সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা জানিয়ে ভবিষ্যতের কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং আপ্যায়নের মধ্য দিয়ে প্রথম সভার সমাপ্তি ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা