প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্ট্রেলিয়া টেস্টঃ তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ

খেলা ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে এমন পারফরম্যান্স কিছুটা হলেও আত্মবিশ্বাসে ধাক্কা দিয়েছিল। তবে মূল ম্যাচে এসে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইনে এখন জয়ের স্বপ্ন দেখছে তারা।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শনিবারের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬১ রান। বাংলাদেশের দেওয়া লক্ষ্য থেকে এখনো ৬৭ রান পিছিয়ে স্বাগতিকরা। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে থামিয়ে বাংলাদেশ নিজেদের ইনিংসে তুলেছিল ৪২৬ রান। তাতেই ২২৮ রানের বড় লিড পায় সফরকারীরা।

তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই বদলে যাওয়ার পেছনের গল্পটা বললেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাট থেকে প্রথম ইনিংসে এসেছে গুরুত্বপূর্ণ ৬৫ রান। এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশের লিড দুইশ ছাড়ায়।

মিরাজের কাছে অবশ্য প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা নিয়ে পড়ে থাকার চেয়ে ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটাই বড়, ‘আমরা সবাই বিশ্বাস করেছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই বিশ্বাসটা ছিল। ম্যানেজমেন্টও সবসময় আমাদের সাপোর্ট করেছে।’

সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে মাঠেও। গতকাল দ্রুত তিন উইকেট হারানোর পর লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন মিরাজ। তার নিজের জন্যও পরিস্থিতিটা ছিল কঠিন, ‘যখন আমার ২ রান ছিল তখন মুশফিক ভাই আউট হয়ে গিয়েছিল। বোলারদের সঙ্গে নিয়েই আমি রান করেছি। ওই মুহূর্তে রান করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা