প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬

লোহিত সাগরে আরও একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ নিয়ে অন্তত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

বুধবার (০৫ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুথিরা জানিয়েছে, ইয়ানবু উপকূলের কাছে লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ওয়াফাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ট্যাংকারটিতে ‘নির্ভুলভাবে’ আঘাত হেনেছে। এই হামলা ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির সামুদ্রিক অবরোধ এবং ‘অবরোধের বদলে অবরোধ’ কৌশলের অংশ।

সারি বলেন, এ হামলার মাধ্যমে ২২ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে লোহিত সাগর ও আরব সাগর হয়ে চলাচল করতে বাধা দেওয়া হয়েছে অথবা সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

হুথিদের এ মুখপাত্র বলেন, বাব এল-মান্দেব প্রণালিতে গোষ্ঠীটির অবরোধ সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের তেলবাহী ট্যাংকারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে।

তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, সামুদ্রিক প্রবেশপথ বন্ধ করতে এবং সৌদি তেলবাহী ট্যাংকারগুলোর চলাচল ঠেকাতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ হামলা আরও তীব্র করা হবে।

আনাদোলু জানিয়েছে, এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা